সবজি কেনার ফাঁকে কখনও অশ্লীলভাবে তাকাতেন। অঙ্গভঙ্গিও করতেন। আবার কখনও কখনও মহিলা সবজি বিক্রেতাকে অশ্লীলভাবে স্পর্শ করেন। তবে শুক্রবার ‘অসভ্যতা’ চরম পর্যায়ে পৌঁছয়। চুমু খাওয়ার চেষ্টা করেন বলেই অভিযোগ। সেই অভিযোগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার শ্রীনগরে ধুন্ধুমার।
জানা গিয়েছে, ওই যুবকের নাম মানসুর খান। তিনি হুগলির গোঘাটের অনুপনগরের বাসিন্দা। অভিযোগ, প্রতিদিন বাজারে আসতেন তিনি। বাজারে আরও অনেক সবজি বিক্রেতা থাকলেও ওই মহিলার কাছেই যেতেন মানসুর। অভিযোগ, সবজি কেনার অছিলায় মহিলাকে উত্তপ্ত করতেন। কারণে অকারণে শরীর স্পর্শ করেন। এমনকী সুযোগ পেয়েই চুমু দেন বলেও অভিযোগ। এদিন এই কাণ্ড ঘটামাত্রই উত্তেজিত হয়ে পড়েন মহিলা।
বাজারের মাঝেই চিৎকার চেঁচামেচি শুরু করেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা জড়ো হয়ে যান। মানসুরকে হাতেনাতে পাকড়াও করা হয়। স্থানীয়রা মারধর করতে শুরু করে তাঁকে। একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক গণধোলাই দেওয়া হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
