অংশুপ্রতিম পাল, খড়গপুর: ভোরের রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে দাউদাউ আগুন। তাতে জ্বলে গেল একটি ডাম্পার। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা কালীপুজোর আগের দিন সাক্ষী রইল এমন ভয়াবহ দুর্ঘটনার। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিশাল পুলিশ বাহিনী। পাঁচঘণ্টার চেষ্টা আগুন আয়ত্তে আনা গিয়েছে। তবে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক অনুমান, একটি ডাম্পারের বেপরোয়া গতির কারণেই এত বড় দুর্ঘটনা ঘটল।
জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত থেকে মোরাম বোঝাই ডাম্পার নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তেমাথানি-পটাশপুর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে ছিল। ভোরে পটাশপুরের দিক থেকে তেমাথানিগামী একটি ১৮ চাকার স্টোন চিপস বোঝাই ডাম্পার এসে দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় আগুন ধরে যায় ১৮ চাকার ডাম্পারটিতে। দাউদাউ করে জ্বলে ওঠে সেটি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় খড়ের গাদায়। আগুনের লেলিহান শিখা কয়েকশো মিটার দূর থেকেও দেখা যাচ্ছিল, কালো ধোঁয়ার ঢেকে যায় গোটা এলাকা। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
