সাংসদের পাশাপাশি ঘাসফুল শিবিরের বহুদিনের বিশ্বস্ত সৈনিক হিসেবে দলীয় পদে ছিলেন। কিন্তু সাম্প্রতিক ডামাডোলের মাঝে ‘বিদ্রোহী’ শিবিরে নাম লেখাতেই সেই পদ খোয়ালেন তৃণমূলের দীর্ঘদিনের নেত্রী মালা রায়। শুক্রবার মহিলা তৃণমূলের সভানেত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে নতুন মুখ আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূলের তরফে রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চিঠি পাঠিয়েছেন কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদকে। জানিয়েছেন, তাঁকেই মহিলা তৃণমূলের সভানেত্রী হিসেবে দায়িত্বভার তুলে দিল দল। আলিফার এই নতুন পদপ্রাপ্তির কথা সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন তাঁরই জেলার সাংসদ মহুয়া মৈত্র। নতুন দায়িত্ব পেয়ে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলিফা।

