নদিয়ার শান্তিপুরে বামা কালীর নাচ দেখতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। কলকাতার চোরবাগানের ১৯ জনের মৃত্যুর ঘটনার পর ভিড় নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগী হয়েছে পুলিশ-প্রশাসন। এবার বামা কালীর নাচের জায়গাও বদল হয়েছে। এবার সেই নৃত্য বড়বাজারের পরিবর্তে মন্দিরের নিকটবর্তী বেজপাড়া মাঠে অনুষ্ঠিত হবে। নিরাপত্তার ও নজরদারিও আরও আঁটসাঁট করা হয়েছে। আজ, শুক্রবার নদিয়ার জেলাশাসক থেকে উচ্চপদস্থ আধিকারিকরা মাঠ ও এলাকা, বিসর্জন ঘাট পরিদর্শন করলেন।
প্রশাসন সূত্রে খবর, শান্তিপুরের ঐতিহ্যবাহী বামা কালীর বিসর্জন উপলক্ষে মাকে কাঁধে নিয়ে নাচ হয় প্রতি বছর। সেই নাচ দেখতে দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় করেন। সেই বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে এবার বাড়তি সতর্ক প্রশাসন। মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবর্তন করা হয়েছে মায়ের নৃত্যস্থল। বেজপাড়ার বিশাল ফাঁকা মাঠে ওই নাচের আয়োজন করা হয়েছে। শুক্রবার নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী, মহকুমা শাসক এবং রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা শান্তিপুরের একাধিক প্রতিমা নিরঞ্জন ঘাট পরিদর্শন করেন।
আরও পড়ুন:

বামা কালীর মন্দির প্রাঙ্গণেও পুজোর দিনে অসংখ্য ভক্ত সমাগম হয়। মন্দির প্রাঙ্গণের নিরাপত্তাও খতিয়ে দেখা হয়। যাতে কোনওভাবে বিরূপ ঘটনা না ঘটে, সেদিকেও নজর রাখা হবে। এদিন বেজপাড়ার মাঠও জেলাশাসক ও আধিকারিকরা পরিদর্শন করেন। ইতিমধ্যেই নৃত্যের মাঠ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বসানো হয়েছে একাধিক অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। দর্শনার্থীদের সুবিধার্থে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, চোরবাগানের সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনার কথা মাথায় রেখেই এবার শান্তিপুরের কালীপুজো ও বিসর্জন উৎসবে নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঠ থেকে নিরঞ্জন ঘাট—প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখছে প্রশাসন। প্রশাসনিক নজরদারি এবার যথেষ্ঠ কড়া থাকবে। সেই কথা জানিয়েছেন জেলাশাসক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
