রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বছর শুরুতেই ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, চলতি মাসের মাঝে তিনি জোড়া কর্মসূচি নিয়ে আসছেন এরাজ্যে। সব ঠিক থাকলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দুই জায়গায় দুটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। তার প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বছরের শুরু থেকেই যেমন প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসক শিবির, তেমনই গেরুয়া ব্রিগেডও ইতিমধ্যে দিল্লির শীর্ষ নেতৃত্বকে এনে প্রচার সুর চড়াচ্ছে। তারই অংশ হিসেবে জানুয়ারিতে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর, মনে করছে ওয়াকিবহাল মহল।
দলীয় সূত্রে খবর, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি বাংলার দুপ্রান্তে দুটি জনসভা পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। ১৭ তারিখ উত্তরবঙ্গের মালদহ ও ১৮ তারিখ দক্ষিণের হাওড়ায় কর্মসূচি হতে চলেছে। যদিও সভাস্থল এবং প্রধানমন্ত্রীর বিস্তারিত কর্মসূচি সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপির নেতারা।
