- রুদ্র সান্যাল
“যেখানে শব্দ থেমে যায়, সেখানেই প্রকৃতির ভাষা শুরু।”
শেষ কবে সূর্যোদয়ের সোনালি আলো গায়ে মেখেছি? শেষ কবে নদীর পাশে বসে জলের শব্দ শুনে চোখ বুজেছি? আধুনিক শহরের কোলাহল, যান্ত্রিক নিয়ম আর ব্যস্ত জীবনের ফাঁকে হারিয়ে গেছি আমরা-প্রকৃতির সেই সহজ, শান্ত ছোঁয়া থেকে।
তাই এবার আমরা পথ ধরলাম এক নিভৃত কোণে, এক স্বপ্নিল গ্রাম বঙ্কুলুংয়ের দিকে।
যাত্রা শুরু মিরিক থেকে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, চা বাগানের সবুজ সমুদ্র, আর মাঝে মাঝে নামা কুয়াশা- সব মিলিয়ে মনে হবে আপনি কোনও কল্পকাহিনীর ভিতরে পা রেখেছেন। মিরিক থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে এই ছোট্ট গ্রাম, অথচ তার পরিবেশ যেন সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। চলার পথে কখনও পাখির ডাক, কখনও দিগন্তজোড়া নীরবতা আপনার সঙ্গী হয়ে উঠবে। গাড়ির শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়, আর প্রকৃতির ভাষা গায়ে এসে লাগে।
কার্সিয়াং ও মিরিকের মাঝামাঝি পাহাড়ি উপত্যকায় অবস্থিত বঙ্কুলুং যেন প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত জলরং। ধান, কাঁকুড়, ভুট্টার খেত, ফুলের বাগান- সব মিলিয়ে এমন এক দৃশ্যপট তৈরি হয়, যা শুধু চোখ নয়, মনকেও ছুঁয়ে যায়।
মুর্মাখোলা নদী গ্রামটিকে পাশ দিয়ে বয়ে চলে, আর কিছুটা দূরে আছে বালাসন নদী- এই দুই নদীর সান্নিধ্যেই গড়ে উঠেছে বঙ্কুলুংয়ের জীবনচর্চা। কখনও কৃষিকাজ, কখনও মাছ ধরা, কখনও স্রেফ নদীর ধার ধরে হাঁটতে হাঁটতে সময়ের সঙ্গে কথোপকথন। শিশুদের হাসি, দূরের বাঁশির সুর আর বাতাসে মিশে থাকা জ্বলন্ত কাঠের গন্ধ-সব মিলিয়ে যেন এক পাণ্ডুলিপির পাতা ওলটাতে থাকা।
বঙ্কুলুংয়ের অন্যতম আকর্ষণ গ্যামন ব্রিজ-মুর্মা নদীর উপর এক নান্দনিক কাঠামো। এই সেতু যেন শুধু দুই প্রান্ত নয়, মনের দুটি জগৎকে যুক্ত করে। নীচে ছুটে চলা নদীর স্রোত, চারপাশে ঘন সবুজ, আর ওপরে দাঁড়িয়ে থাকা আপনি!- এ যেন প্রকৃতির সঙ্গে এক নিঃশব্দ কথোপকথন। আসলে ‘নীরবতাও কখনো-কখনো কথা বলে– পাহাড়ে গিয়ে সেটা বোঝা যায়…’ তাই এখানে না এলে বোঝা যায় না, নিভৃত জীবনের সৌন্দর্য কতটা গভীর হতে পারে। ব্রিজটি শুধু এক জায়গা পারাপারের উপায় নয়, এটা যেন বঙ্কুলুংয়ের হৃদয়ে প্রবেশের প্রবেশদ্বার।
যাঁরা ভ্রমণ চান একটু রোমাঞ্চ মিশিয়ে, বঙ্কুলুং তাঁদের জন্যও প্রস্তুত। আশপাশের জঙ্গলে হাইকিং, ট্রেকিং, মাছ ধরা, বনভোজন- আরও কত কী! চাইলে স্থানীয়দের সঙ্গে গানের আসর, ক্যাম্প ফায়ার, আর নেপালি বারবিকিউয়ের স্বাদও নিতে পারেন। সন্ধ্যাবেলায় বাঁশের তৈরি বারান্দায় বসে গরম চায়ের কাপ হাতে পাহাড়ে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য একবার দেখলে মনে গেঁথে যাবে সারাজীবন।
এখানে কোনও হোটেল নেই। কিন্তু আছে হোমস্টে, যা আপনাকে দেবে নিজের ঘরের মতো অনুভব। কাঠের ঘর, কাঠের ছাউনি, দোতলায় বসার বারান্দা, গিজার, আরামদায়ক বিছানা, আর সর্বোপরি-আপ্যায়নের আন্তরিকতা। এখানকার মানুষজনের সরলতা, হাসিমুখ আর অতিথিদের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে তোলার সহজ ক্ষমতা আপনাকে বারবার ভাবাবে- এই তো আমার মানুষ!
রান্না? সে তো একেবারেই স্থানীয় মহিলাদের হাতের জাদু। অর্গানিক শাকসবজি, নেপালি ঘরানার খাবার, আর পাহাড়ি অতিথির মানসিকতায় বানানো প্রতিটি পদ- যা একবার খেলেই মনে থাকবে বহুদিন।
বঙ্কুলুংয়ে যাওয়ার জন্য কোনও নির্দিষ্ট সময় নেই। বর্ষায় গাছপালার পাগল করা সবুজ, শীতে কুয়াশার চাদরে মোড়া ভোর, বসন্তে ফুলের গন্ধে ভরা উঠোন- প্রতিটি ঋতুই বয়ে আনে নতুন অভিজ্ঞতা, নতুন ছবি। শরৎকালে যখন আকাশ একদম পরিষ্কার থাকে, তখন দূরের কাঞ্চনজঙ্ঘাও চোখে পড়ে কখনো-কখনো।
বঙ্কুলুং কেবল একটি স্থান নয়, এটি অনুভব। এখানে আসা মানে নিজের ব্যস্ত জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলে প্রকৃতির সঙ্গে আবার এক হয়ে যাওয়া। এখানে সময় ধীরে চলে, মনও তেমনই শান্ত হয়। এখান থেকে ফেরার সময় আপনি বুঝবেন—আপনার হৃদয়ের একটি অংশ এখানেই থেকে গেছে।
এইবার ছুটিতে আপনি নিজের কাছেই ফিরে আসুন। গন্তব্য হোক বঙ্কুলুং।
