ফের নাশকতার শঙ্কা! ব্রিটেনের মার্কিন ঘাঁটি র্যাফ ফায়ারফোর্ড থেকে থেকে সমস্ত বোমারু বিমান সরিয়ে ফেলল আমেরিকা। মার্কিন সরকারের একটি সূত্র মারফত তেমনটাই জানা গিয়েছে। রবিবারই বিমানগুলি আমেরিকায় পৌঁছে গিয়েছে বলে খবর।
আরও পড়ুন:
মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’কে দেওয়া একটি সাক্ষাৎকারে এক মার্কিন কর্তা বলেন, “র্যাফ ফায়ারফোর্ড-এ মোতায়েন করা আমেরিকার সমস্ত বোমারু বিমানই নিজ নিজ ঘাঁটিতে (হোম স্টেশন) ফিরে গিয়েছে।” কিন্তু কেন বিমানগুলি সরিয়ে নেওয়া হল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে একটি সূত্রের খবর, ওই ঘাঁটিতে নতুন করে নাশকতার শঙ্কা তৈরি হয়েছে। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “অন্য দেশের সামরিক কার্যক্রম নিয়ে ব্রিটেন সরকার কোনও মন্তব্য করবে না।” বিমান ঘাঁটির কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, দেশের অন্দরে এবং বিশ্বের অন্যান্য স্থানে অবস্থিত নিজেদের ঘাঁটিগুলির সুরক্ষায় ব্রিটেনের কাছে যথেষ্ট কৌশল রয়েছে।
পশ্চিম ইংল্যান্ডের গ্লস্টারশায়ারে অবস্থিত র্যাফ ফায়ারফোর্ডে ক’দিন আগেই জঙ্গি হামলার ছক বানচাল করেছে পুলিশ। পার্শ্ববর্তী গ্রাম থেকে এক ব্যক্তি তদন্তকারীদের ফোন করে জানায় ৩টি সন্দেহজনক সাদা গাড়ি বায়ুসেনা ঘাঁটির দিকে এগোচ্ছে। ওই গ্রাম থেকে সেনা ঘাঁটির দূরত্ব মাত্র এক মিনিটের। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে প্রশাসন। সশস্ত্র পুলিশ গিয়ে ৫ জনকে আটক করে। তিনটি গাড়িতে বিস্ফোরক ও রাসায়নিক পাওয়া গিয়েছে।
আরও পড়ুন:
কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাঁটি গত মার্চ থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে আমেরিকা। মনে করা হচ্ছে, এই ষড়যন্ত্রের নেপথ্যে ইরান যোগ থাকতে পারে।ব্রিটিশ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইরানের পাশাপাশি এই ষড়যন্ত্রের নেপথ্যে রাশিয়া কিংবা ইসলামি জঙ্গিযোগের তত্ত্বও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
সর্বশেষ খবর
