২২ বছরের বুক চাপা যন্ত্রণা থেকে অবশেষে মুক্তি মিলেছে। লক্ষ্মীবারে লক্ষ্মী এসেছে ইস্টবেঙ্গলের ঘরে। প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ ব্রিগেড। ট্রফিজয়ের পর এক সপ্তাহ কেটে গেলেও ইস্টবেঙ্গল ভাসছে শুভেচ্ছার বন্যায়। এবার লাল-হলুদের পুরুষ এবং মহিলা দুই ব্রিগেডকেই শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্টের শুভেচ্ছা, ফুটবলের ঐতিহ্য এগিয়ে চলুক এভাবেই।
গত বৃহস্পতিবার কানায় কানায় পূর্ণ কিশোর ভারতী স্টেডিয়ামে সফল হয়েছে ইস্টবেঙ্গলের ২২ বছরের স্বপ্ন। ইন্টার কাশীর বিরুদ্ধে ছিল আইএসএল গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ। যেখানে শুরুতে গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে স্বমহিমায় ঘুরে দাঁড়ান মিগুয়েলরা। ২-১ গোলে ম্যাচ জিতে খেতাব নিশ্চিত করে ফেলে অস্কার বাহিনী। আনন্দে আত্মহারা ভক্তরা ঢুকে পড়েন মাঠের ভিতর। মাঠে নয়, গ্যালারিতে দাঁড়িয়ে ফুটবলারদের হাতে আইএসএল ট্রফি তুলে দেওয়া হয়।
আরও পড়ুন:
সেই স্বর্ণালী দিনের সপ্তাহখানেক পর এদিন লাল-হলুদের জন্য বিশেষ বার্তা দিলেন সৌরভ। সিএবি সভাপতির কথায়, “এবছর ইস্টবেঙ্গল পাঁচটা ট্রফি জিতেছে। তবে এই প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। ইস্টবেঙ্গলকে অনেক শুভেচ্ছা। আমি লাল-হলুদের খেলা দেখেছি। মোহনবাগানের খেলাও দেখেছি। গ্রুপ পর্বের শেষ ম্যাচটা, যেখানে ২-১ জিতে চ্যাম্পিয়ন হল সেই ম্যাচটাও আমার দেখা। মেয়েদেরও অনেক অভিনন্দন। তারা ভারতসেরা হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে। বাংলার ফুটবলের ঐতিহ্য এভাবেই এগিয়ে চলুক। ইস্টবেঙ্গলকে অনেক অভিনন্দন।”
উল্লেখ্য, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন হওয়ার রাতেই অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফেসবুকে তিনি লেখেন, ‘ঐতিহাসিক জয়। ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন। অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তটা গোটা বাংলা তথা গোটা বিশ্বের লাল-হলুদ সমর্থকদের জন্য ঐতিহাসিক। বাংলার ফুটবল ঐতিহ্যকে প্রকৃত জানাল ইস্টবেঙ্গল।’ আপাতত ইস্টবেঙ্গলের ফুটবলাররা ফিরে গিয়েছেন নিজের বাড়িতে। কেউ বা যোগ দিয়েছেন জাতীয় দলের শিবিরে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
