উৎসব প্রায় দোরগোড়ায়। কেনাকাটি চলছে চুটিয়ে। পুজোর কেনাকাটিতে বেরবেন আর বাইরের খাবার খাবেন না, তা তো হতে পারে না। তবে পুজোর মুখে বাইরে অহরহ খাওয়াদাওয়ার ফলে শরীরের সমস্যা দেখা দিতে পারে। আর পেটের সমস্যা দেখা দিয়ে পুজোর আনন্দই মাটি। এই সময়ে একটু সতর্ক থাকা প্রয়োজন। জেনে নিন এখন থেকে কোন কোন নিয়ম না মানলে বিপদে পড়তে পারেন।
- দিনের শুরু থেকেই কিছুটা নিয়ম মানা জরুরি। নইলে বদহজমের সমস্যা হতে পারে। তাই আগের রাতে ভেজানো মৌরি, জোয়ান ও মেথির জল খেতে পারেন। তাতে বদহজম, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা মিটবে।

- কেনাকাটি করতে বেরনোর আগে অবশ্যই বাড়ি থেকে ভালো করে খাবারদাবার খেয়ে বেরন। চেষ্টা করুন ভাত, ডালের মতো প্রোটিন জাতীয় খাবারদাবার খেতে। তাতে খিদে পাবে কম। বাইরের খাবারও খাওয়া হবে কম।

- পুজোর কেনাকাটি করতে বেরনোর আগে শরীর ঠান্ডা রাখতে টক দই খেতে পারেন।

- পুজোর কেনাকাটি করার ফাঁকে খিদে পেতেই পারে। প্রয়োজন খাওয়াদাওয়া করুন। তবে অতিরিক্ত তেলমশলাযুক্ত খাবার খাবেন না। পরিবর্তে হালকা খাবার খান। যা সহজেই হজম করা সম্ভব। নইলে পেটের সমস্যা বাড়তে পারে।

- পুজোর কেনাকাটি করতে বেরনোর সময় অবশ্যই সঙ্গে রাখুন জলের বোতল। মাঝে মাঝে একটু করে জল খান। শরীরে জলের ঘাটতি হলে হজমের সমস্যা দেখা দিতে পারে।

- অযথা ঘন ঘন ঠান্ডা পানীয়ের বোতলে চুমুক দেবেন না। পরিবর্তে তাজা ফলের রস কিংবা লস্যি খেতে পারেন। তাতে শরীর ভালো থাকবে। উৎসবের আনন্দও মাটি হবে না।

