সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আন্দোলনে মুখ দেখানোর জন্য ‘অ্যাপিয়ারেন্স ফি’ নিয়েছিলেন টলিউডের কিছু তারকা”, সম্প্রতি এক সাক্ষাৎকারে আর জি কর আন্দোলনে যোগ দেওয়া তারকাদের নিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন অরিন্দম শীল। টলিউড পরিচালকের এহেন দাবিতে বর্তমানে ইন্ডাস্ট্রির অন্দরমহলে ঝড়! প্রতিবাদে গর্জে উঠেছেন একাংশ। এহেন বিস্ফোরক দাবিতে কার্যত টলিপাড়ায় কোণঠাসা পরিস্থিতি পরিচালকের। সোমবারই সোশাল মিডিয়ায় সেসব শিল্পীদের নাম প্রকাশ্যে আনার জন্য অরিন্দমকে পালটা চ্যালেঞ্জ ছোড়েন সুদীপ্তা চক্রবর্তী। এবার সংশ্লিষ্ট ইস্যুতেই চাঁচাছোলা আক্রমণ বিরসা দাশগুপ্তর।
ফেসবুকে সংবাদ প্রতিদিন-এর খবর শেয়ার করে বিদীপ্তা চক্রবর্তীর ব্যঙ্গাত্মক তোপ, ‘টাকা পেলে আমি আরবানাতে পাশের ফ্ল্যাটটাই কিনতুম, কী যে হতভাগ্য আমি!’ এক্ষেত্রে অভিনেত্রী যে অরিন্দম শীলের ঠিকানার কথাই উল্লেখ করেছেন, তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। কারণ সেই বিলাসবহুল কমপ্লেক্সেই থাকেন পরিচালক। এবার স্ত্রী বিদীপ্তার এহেন মন্তব্য টেনে আরও একধাপ এগিয়ে পরিচালক বিরসা দাশগুপ্ত লিখলেন, ‘না না, পাশের ফ্ল্যাটটা হলে খুব টেনশনে থাকতাম দুই মেয়ের সেফটি আর সিকিউরিটি নিয়ে…।’ অরিন্দম শীলের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ নিয়েই যে এই পোস্টে খোঁচা দিয়েছেন বিরসা, তা আর বলার অপেক্ষা রাখে না।
এদিকে অরিন্দম শীলের ‘অ্যাপিয়ারেন্স ফি’ মন্তব্যে যখন ইন্ডাস্ট্রির অন্দরে ঝড়, তখন পরিচালক পালটা আক্ষেপ করে জানিয়েছেন, “এই অভিযোগ আমার নয়। এটা এখন আমাদের ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। আমি নিজে কিছু বলছি না। টালিগঞ্জে কান পাতলেই সব শোনা যাচ্ছে। আর এই সব গোপন কথা আন্দোলনে যাঁরা প্রথমসারিতে ছিলেন, তাঁরাই এখন অনেকে তাঁদের সহশিল্পীদের নামে বলে বেড়াচ্ছেন। এটা অত্যন্ত লজ্জাজনক। কারণ আমি সহশিল্পীদের নামে সেটা শুনছি। এখন মৌচাকে ঢিল পড়েছে। কী আর করা যাবে!”

চব্বিশ সালের আগস্ট মাসে কলকাতার বুকে ঘটে যাওয়া এক অনভিপ্রেত ঘটনায় পথে নেমে প্রতিবাদে শামিল হয়েছিলেন টলিপাড়ার সিংহভাগ মুখ। প্রথম দিন থেকেই কাউকে রাত জেগে চিকিৎসকদের পাশে থাকতে দেখা গিয়েছে, আবার অনেককে মিছিলে শামিল হয়ে প্রতিবাদও করতেও দেখা গিয়েছিল। পরিচালকের দাবি, সেই আন্দোলনে মুখ দেখানোর জন্য নাকি টলিপাড়ার কিছু তারকা ‘অ্যাপিয়ারেন্স ফি’ নিয়েছেন। অরিন্দমের কথায়, “এত বড় একটা আন্দোলন, সেখানে যাওয়ার জন্য কেউ কেউ ফোন নিয়েছেন, কেউ নিয়েছেন টাকা। তাঁদের বন্ধুরাই তো সেসব কথা বলে বেড়াচ্ছেন!” টলিউড পরিচালক যদিও আন্দোলনে যোগ দেওয়া কারও নাম প্রকাশ্যে আনেননি। তবে ইতিমধ্যেই অরিন্দম শীলের দাবিতে অনেকে পালটা চ্যালেঞ্জও ছুড়েছেন যে, ‘এমন দাবি করলে সেক্ষেত্রে পরিচালকের প্রমাণ দেওয়ার প্রয়োজন থেকেই যায়। নতুবা আন্দোলনের সঙ্গে যুক্ত সকলের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন ওঠে।’
