সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষ বিরতির পরও আফগানিস্তানে আচমকা বিমান হানা চালিয়েছে পাকিস্তান। তাতে মৃত্যু ঘটেছে ৩ ক্রিকেটার-সহ অন্তত ৮ জনের। পাকিস্তানের এই ‘ঘৃণ্য’ আক্রমণে ফুঁসে উঠলেন আফগান ক্রিকেটার রশিদ খান। সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তিনি। সেই সঙ্গে জল্পনা সত্যি করে আগামী মাসে পাকিস্তানে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ থেকে নামও প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে তিন ক্রিকেটারকে শনাক্ত করা হয়েছে, তাঁদের নাম কবির, সিবঘাতুল্লাহ ও হারুন। তিনজনই স্থানীয় ক্রিকেটার। জানা গিয়েছে, তাঁরা পক্তিতা প্রদেশের উর্গুন থেকে শারানা অঞ্চলে একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। সেই সময় পাক বিমান হানায় তিনজনের মৃত্যু ঘটে। এসিবি-র তরফ থেকে পাকিস্তানের এই আক্রমণকে ‘কাপুরুষোচিত’ বলা হয়েছে। সেই সঙ্গে জল্পনা সত্যি করে আগামী মাসে পাকিস্তানে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ থেকে নামও প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।
তিন ক্রিকেটার-সহ ৮ জনের মৃত্যু ক্ষুব্ধ আফগান ক্রিকেটাররাও। রশিদ খান সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘পাকিস্তানের বায়ু সেনার আক্রমণে আফগানিস্তানের সাধারণ মানুষের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই আক্রমণ মহিলা-শিশুর পাশাপাশি তরুণ ক্রিকেটারদের জীবন কেড়ে নিয়েছে। যারা দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখত। নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করা অমানবিক ও বর্বরোচিত ঘটনা। মানবাধিকার লঙ্ঘনের এই ঘৃণ্য অপরাধ ভোলা যাবে না। এই কঠিন সময়ে আমি মানুষের পাশে আছি, জাতীয় মর্যাদা সবার আগে। এই পরিস্থিতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
