মাধ্যমিক পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরা হল পরীক্ষার্থীর। পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছাত্রের। মৃতের নাম তৌহিদ মিদ্দে। মৃত্যুর সংবাদ এলাকায় এসে পৌঁছতেই এলাকায় শোকের ছায়া। কান্নার রোল উঠেছে বাড়িতে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, উলুবেড়িয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছিল গতকাল, শুক্রবার। ইতিহাস পরীক্ষার শেষে দুটি বাইকে করে ৬ পরীক্ষার্থী বাড়ি ফিরছিল। সেই সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। তিনজন ছিটকে পড়ে। একজন পরীক্ষার্থী পড়ে রাস্তার উপরে। তার পিছনেই ছিল অন্য বাইকটি। সেটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যাওয়া পরীক্ষার্থীদের উপর দিয়ে চলে যায় এবং ওই একই গাছে ধাক্কা মারে।
ওই বাইকে থাকা তিন ছাত্রও ছিটকে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা দ্রুত সেখানে ছুটে গিয়ে জখমদের উদ্ধার করে জগৎবল্লভপুর গোয়ালপাতা হাসপাতালে নিয়ে যায়। সেখানে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। যদিও দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল তৌহিদ মিদ্দে। তাঁকে সেখান থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সে। শেষপর্যন্ত শনিবার তার মৃত্যু হল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ছাত্র পড়াশোনায় মেধাবী ছিল বলে প্রতিবেশীরা জানিয়েছে। ওই ছাত্রদের মাথায় হেলমেট ছিল না বলে খবর।
অন্যদিকে, জগৎবল্লভপুরের এবার জয়পুর। পরীক্ষা দিয়ে ফেরার পথে বাইক দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার জয়পুর থানার রথতলার কাছে বাইক দুর্ঘটনায় তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী আহত হল। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষার শেষে বাইকে চেপে বাড়ি ছিল ওই তিন পরীক্ষার্থী। রথতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ধাক্কা মারে। ছিটকে পড়ে তিনজনেই। স্থানীয়রা তাদের উদ্ধার করে অমরাগড়ি বিবি ধর গ্রামীণ হাসপাতাল নিয়ে আসেন। সেখানেই একজন ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি দুজনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
