মাঝে কেটে গিয়েছে প্রায় ৩ মাস। এখনও খোঁজ নেই স্ত্রী। নেপাল বিপর্যয়ের সময় কোনও অঘটন ঘটেছে কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে মুকুলপুত্র শুভ্রাংশু আজও বিশ্বাস করেন তাঁর স্ত্রী শর্মিষ্ঠা অক্ষতই রয়েছেন। সোশাল মিডিয়ায় তাঁর পোস্টেই মিলেছে সে প্রমাণ।
মঙ্গলবার শুভ্রাংশু ফের একটি ফেসবুক পোস্ট করেন। যাতে রয়েছে তাঁর স্ত্রী শর্মিষ্ঠার ছবি। নিখোঁজ পোস্টে শুভ্রাংশু উল্লেখ করেছেন তাঁর স্ত্রীকে শেষ কবে, কোথায় দেখা গিয়েছে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য। শুভ্রাংশু জানান, শর্মিষ্ঠাকে শেষবার গত ২৬ আগস্ট সকাল ৮টা ৪৫ মিনিটে দেখা গিয়েছে। কেউ কোনও খোঁজ পেলে জানানোর জন্য মোবাইল নম্বরও দিয়েছেন। যোগাযোগের নম্বরটি হল: ৯০৫১৩৭৭০৬৮।
আরও পড়ুন:
বলে রাখা ভালো, গত ২১ আগস্ট হাওড়া থেকে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালের উদ্দেশ্যে রওনা দেন মুকুলপুত্র শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা। পৌঁছে একাধিকবার স্বামীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরিবার সূত্রে খবর, ২৫ তারিখ রাতে শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয় শুভ্রাংশুর। বুধবার অর্থাৎ ২৬ তারিখ সকাল থেকেই হড়পা বানের কারণে ক্রমশ পরিস্থিতি খারাপ হতে থাকে নেপালের। খবর পাওয়ার পর থেকেই স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন শুভ্রাংশু। কিন্তু কোনও লাভ হয়নি। পরিবারের তরফে থানা, ভবানী ভবন, বিদেশ মন্ত্রক এবং দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু লাভ হয়নি। পরবর্তীতে ডিএনএ স্যাম্পেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাতে দুঃসংবাদের আশঙ্কা করা হচ্ছিল। তবে শুভ্রাংশু বিশ্বাস করেন শর্মিষ্ঠা অক্ষতই আছেন। এখনও তাঁর ফিরে আসার দিন গুনছে রায় পরিবার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
