নাড্ডার গাড়িতে হামলায় ধৃত ইমরানকে নিয়ে রাস্তায় পুলিশ, কুকীর্তির জন্য ক্ষমাপ্রার্থী উস্তির একদা ত্রাস!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


জেপি নাড্ডার গাড়িতে হামলার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা ধৃত মগরাহাট পশ্চিমের যুব তৃণমূল নেতা ইমরান হাসান মোল্লাকে শনিবার রাতে উস্তির বিভিন্ন এলাকায় হেঁটে ঘোরাল উস্তি থানার পুলিশ। ঘটনার পুনর্নির্মাণে ধৃত নেতাকে ঘোরানো হয় বলে পুলিশ জানিয়েছে। সেই সময় ধৃত ইমরানকে কখনও হাত জড়ো করে কখনও মানুষের সামনে ক্ষমা চাইতে দেখা যায়, আবার কখনও মাথা নিচু করে হাঁটতে দেখা যায়। একসময়ের কার্যত এলাকা কাঁপানো নেতাকে এমনভাবে দেখে রীতিমতো অবাক হয়ে যান স্থানীয় মানুষজনও।

গত ৫ নভেম্বর জে পি নাড্ডার গাড়িতে হামলার ঘটনায় ইমরান হাসান মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। ডায়মন্ডহারবার আদালতের নির্দেশে ইমরানকে ন’দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। ইমরান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। মগরাহাট (পশ্চিম) বিধানসভার তৃণমূল বিধায়ক শামীম আহমেদেরও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি।

আরও পড়ুন:

উল্লেখ্য, ২০২০ এর ১০ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা চালায় একদল বিক্ষোভকারী। কনভয়ে একটি গাড়িতে ছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ও। বিক্ষোভকারীরা তাঁদের গাড়ি লক্ষ্য করে ইঁট, পাথর এমনকি কাঁচের বোতলও ছোঁড়ে বলে অভিযোগ। পাথরের ঘায়ে ভাঙে বিজয়বর্গীয়র গাড়ির উইন্ডশিল্ড। ২০২১ এর বিধানসভা ভোটের আগে ডায়মন্ডহারবারে ওইদিন বিজেপি কর্মীদের এক সভায় যাওয়ার পথেই বিজেপি নেতাদের কনভয়ে এই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে জাহাঙ্গির খান-সহ এখনও পর্যন্ত পর্যন্ত সাত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাদের মধ্যে ফলতার স্বঘোষিত তৃণমূল নেতা পুষ্পা ওরফে জাহাঙ্গির খান ছাড়াও রয়েছেন মগরাহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৌসিফ আহমেদ মোল্লা ওরফে বাচ্চু, আরিফ হোসেন ও আনিসুর রহমান, তৃণমূল নেতা সঞ্জীব মন্ডল ও রিপন। পরে গ্রেপ্তার করা হয় মগরাহাট পশ্চিমের যুব তৃণমূল সভাপতি ইমরান হাসানকেও।

তাঁর বিরুদ্ধে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ছাড়াও ‘২৬ এর বিধানসভা ভোটের আগে সাধারণ মানুষকে হুমকি, বিজেপি নেতাকর্মীদের উপর অত্যাচার, ঘরবাড়ি ভাঙচুর, ২০২১ সালে বিধানসভা ভোটের ফলাফলের দিন মগরাহাট (পশ্চিম) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রয়াত মানস সাহার উপর হামলার মত একাধিক অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *