শাহজাদ হোসেন, ফরাক্কা: দিল্লি লালকেল্লা বিস্ফোরণে বাংলা যোগ! তদন্তে মুর্শিদাবাদের নবগ্রামে হানা জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর। নবগ্রামের এক পরিযায়ী শ্রমিক মইনুল হাসানের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মইনুলের বাড়িতে অভিযান চালায় এনআইএ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবগ্রামের বাসিন্দা মইনুল পরিযায়ী শ্রমিকের কাজ করেন। কখনও দিল্লি ,কখনও মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেছেন। জানা গিয়েছে, দিল্লিতে কাজ করার সময় একজন বাংলাদেশির সঙ্গে থাকতেন মইনুল হাসান। তার সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ রয়েছে মইনুলের। সেই সময়ে কোনও জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে মইনুলের যোগাযোগ হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে এনআইএ।
দিল্লিতে বিস্ফোরণের পর সরকারিভাবে তদন্তভার নেয় এনআইএ। তদন্তে নেমে মইনুলের ফোন নম্বর পায় তদন্তকারী সংস্থা। তারপর বুধবার দিনভর মইনুলের বাড়িতে তল্লাশি চালায় এনআইএ। শুধু মইনুলের বাড়ি নয় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ঘুরেছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারির খবর পাওয়া যায়নি।
