সাইক্লোন ‘আকভান’-এর দাপটে দু’দিন ধরে প্রায় টানা বৃষ্টি কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। রাস্তাঘাটে জল জমে গিয়েছে। এবার তার প্রভাব পড়ল পাতালপথেও। ব্লু লাইনে নোয়াপাড়ার কাছে মেট্রোর ট্র্যাকে জল জমে যাওয়ায় সিগন্যাল বিভ্রাট। প্রায় আধঘণ্টা আংশিকভাবে ব্যাহত হল মেট্রো পরিষেবা। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। ফলে কাজ সেরে বাড়ি ফেরার পথে ভোগান্তির শিকার হতে হল যাত্রীদের। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আধঘণ্টার মধ্যেই সিগন্যাল সমস্যা ঠিক হয়ে ফের স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবা।
শুক্রবার ঘড়িতে সময় তখন রাত ১০টা। ব্লু লাইনের আপে একের পর এক মেট্রো দাঁড়িয়ে পড়ে সেন্ট্রাল, গিরিশপার্ক, শ্যামবাজার, বেলগাছিয়ায়। প্রথমে যাত্রীরা বুঝতে পারেননি কেন স্টেশন থেকে মেট্রো ছাড়তে দেরি হচ্ছে। পরে খবর নিয়ে জানা যায়, সিগন্যাল সমস্যার জন্যই এই বিভ্রাট। কলকাতা মেট্রো সূত্রে খবর, টানা বৃষ্টিতে নোয়াপাড়ায় মেট্রো ট্র্যাকে জল জমেছিল। তাতেই সিগন্যালে সমস্যা দেখা দেয়। তা বোঝার সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর – আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। যার জেরে দমদমের পর আর এগোতে না পেরে একটার পর একটা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
মেট্রো সূত্রে খবর, রাত ১০টা ২৫ নাগাদ ট্র্যাকের জল বের করে দেওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর মেট্রো চলাচলে কোনও বাধা ছিল না। তবে এই সমস্যার জেরে রাতে আপ লাইনের সব মেট্রোই প্রায় দেরি করে। দক্ষিণেশ্বরগামী যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যা পড়েছিলেন। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, টানা বৃষ্টিতে সাময়িক সমস্যা হয়েছিল। পরে সব ঠিক হয়েছে এবং শেষ মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
