গ্রামে উন্নয়নের কাজ দেখতে গিয়ে নিজেই কোদাল হাতে মাটি কাটতে শুরু করলেন বিডিও। শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের কাজে হাতও লাগালেন গোপীবল্লভপুর-২ ব্লকের বিডিও রাহুল বিশ্বাস। তপসিয়া গ্রাম পঞ্চায়েতের সরডিহা গ্রামে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাজ দেখতে গিয়ে এমনই দেখা গেল তাঁকে।সরডিহা গ্রামে ফেঁকো রাস্তা থেকে অনিল মাহাতোর জমি পর্যন্ত জনসাধারণের ব্যবহারের জন্য একটি ছোট বিতরণ খাল তৈরি করা হচ্ছে। সেই কাজ কতটা এগিয়েছে, তা দেখতে যান বিডিও। শ্রমিকদের সঙ্গে কথা বলতে বলতেই কোদাল তুলে নেন তিনি। তার পরে তাঁদের সঙ্গে মাটি কাটার কাজে হাত লাগান।
বিডিওকে এ ভাবে কাজে নামতে দেখে উৎসাহিত হন শ্রমিকেরাও। গ্রামে ওই প্রকল্পে শুধু খাল তৈরি নয়, পুকুর খনন, নিকাশি নালা তৈরি এবং মাটি কেটে নালা তৈরির কাজও চলছে। এই কাজগুলির মাধ্যমে এক দিকে যেমন গ্রামের পরিকাঠামোর উন্নতি হবে, তেমনই জল ধরে রাখা ও নিকাশি ব্যবস্থারও সুবিধা হবে। এদিকে, প্রকল্পের কাজে আরও বেশি সংখ্যক মানুষকে যুক্ত করতে উদ্যোগী হয়েছে ব্লক প্রশাসন। সেই উদ্দেশ্যে কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রকল্পটি নিয়ে একটি বৈঠক করা হয়। সেখানে প্রকল্পের কাজ এবং তার সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন:
বিডিও রাহুল বিশ্বাস জানিয়েছেন, “গ্রামে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং এলাকার উন্নয়নে স্থায়ী সম্পদ গড়ে তোলাই এই প্রকল্পের লক্ষ্য। সুষ্ঠুভাবে কাজের অগ্রগতি যাতে হয়, সেই কারণে এলাকাবাসী ও কাজে নিযুক্ত শ্রমিকদের উৎসাহ দেওয়ার জন্যই আমিও কাজে হাত লাগিয়েছিলাম।” কাজের অগ্রগতি দেখতে গিয়ে বিডিওর এ ভাবে শ্রমিকদের সঙ্গে মাটি কাটার দৃশ্য তাই এলাকার মানুষের নজর কেড়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
