সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়ংকর রেল দুর্ঘটনা। এবার ঘটনাস্থল ঝাড়খণ্ডের চান্ডিল। লাইনচ্যুত দু’টি মালগাড়ি। একাধিক ওয়াগন লাইন থেকে সরে গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে। বাতিল একাধিক যাত্রীবাহী ট্রেন। অসমর্থিত সূত্রের খবর আহত হয়েছেন কয়েকজন। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা।
টাটানগর থেকে পুরুলিয়াগামী লোহা বোঝাই একটি মালগাড়ি চান্ডিল স্টেশন থেকে কিছুটা এগিয়ে লাইনচুত্য হয়ে যায়। সেই সময় বিপরীত দিক থেকে যাচ্ছিল আরও একটি মালগাড়ি। সেটি গিয়ে ধাক্কা মারে লাইনচ্যুত ওয়াগনগুলিতে। এই মুখোমুখি সংঘর্ষে দ্বিতীয় মালগাড়ির বেশ কয়েকটি ওয়াগনও উলটে যায়।
খবর পাওয়ার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় রেলের কর্মকর্তরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, কোনও যান্ত্রিক ত্রুটির জন্য গাড়িটি উলটে গিয়েছে। এই ঘটনার জেরে ২০টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেক হয়েছে অনেক ট্রেনের। প্রভাব পড়েছে হাওড়া শাখার ট্রেনেও।
এই ঘটনা মনে করাচ্ছে ওড়িশার বাহানাগার ভয়াবহ রেল দুর্ঘটনার কথা। সেই ক্ষেত্রেও একই ভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল দু’টি ট্রেন। শনিবার দুর্ঘটনা মালগাড়ি থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কোনও প্রাণহানী হয়নি। যাত্রীবাহি ট্রেন হলে অনেক ক্ষতি হতে পারত, বলেই ওয়াকিবহল মহলের অনুমান।
