তৃণমূল জমানায় টাকি পুরসভায় বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি! তছরুপ করা হয়েছে কোটি কোটি টাকা। এহেন অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। আজ, বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণে এই তদন্ত চলবে বলেও নির্দেশে জানিয়েছে আদালত। এজন্য আদালত বান্ধব হিসাবে আইনজীবী তিলক মিত্রকে নিয়োগ করা হয়েছে। তবে এদিন শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে স্পষ্ট বলেন, এভাবে জনগণের করের টাকা নয়ছয় করা যায় না।”
২০২৩ সাল। রাজ্যের মসনদে তৃণমূলের সরকার। সেই সময় একাধিক আর্থিক দুর্নীতি, পুরবোর্ড পরিচালনায় বেনিয়ম-সহ একাধিক ইস্যুতে তৃণমূলের তৎকালীন চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় এবং পরিচালিত টাকি পুর বোর্ডের বিরুদ্ধেই সরব হয়েছিলেন খোদ তৃণমূল কাউন্সিলর প্রদ্যুৎ দাস। তাঁর অভিযোগ ছিল, টাকি পুরসভার পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে। এমনকী বিপুল টাকা নয়ছয় করা হয়েছে বলেও তোপ দাগেন তিনি। এমনকী তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও অভিযোগ জানিয়েছিলেন বিদ্রোহী ওই কাউন্সিলর। কিন্তু কোনও কাজ হয়নি বলে অভিযোগ। উলটে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ প্রদ্যুৎ দাসের। এরপরেই টাকি পুরসভার পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা করেন তিনি। গত ৮ বছরের দুর্নীতির একাধিক আর্থিক তছরুপ, স্বজনপোষণ-সহ একাধিক দুর্নীতির অভিযোগে দায়ের হয় মামলা।
আরও পড়ুন:
আজ, বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের বেঞ্চে। প্রদ্যুৎ দাসের আইনজীবী সৌম্য মজুমদার ও ওমর ফারুক গাজী এদিন সওয়ালে আদালতে জানান, নথি অনুযায়ী টাকিতে ইছামতীর বুকে ভাসমান রেস্তোরাঁ করতে প্রায় ৮০ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। তৎকালীন টাকি পুরসভার চেয়ারম্যান ও পুর বোর্ড পুরো কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে অভিযোগ আইনজীবীর। শুধু তাই নয়, সরকারি জমি লিজে দেওয়া নিয়েও বিপুল টাকার দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ। এমনকী কোনও রেজুলেশনে ছাড়াই এই সমস্ত সিদ্ধান্ত চেয়ারম্যান নিজেই নিয়েছিলেন বলেও অভিযোগে জানান আইনজীবীরা। দীর্ঘ শুনানি শেষে এই সমস্ত দুর্নীতির তদন্ত রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি করবে বলে নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। এমনকী আদালতের নজরদারিতেই তদন্ত চলবে বলে জানিয়েছে আদালত। আগামী ১০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
