দূর থেকে ছুটে আসছে ট্রেন। এদিকে লাইন পারাপারের জন্য হাতির দলও খুব কাছে। বিপদ আঁচ করতে খুব বেশি দেরি হয়নি বনকর্মীর। ছুটে গিয়ে রেললাইনে উঠে পড়েছিলেন তিনি। সঙ্গে থাকা লাল কাপড় ওড়াতে থাকেন তিনি। চালক সেই নিশান দেখে গতি কমাতে শুরু করেছিলেন। ততক্ষণে লাইন ধরে হাতির দল পার হতে শুরু করে দিয়েছে। শেষপর্যন্ত নির্দিষ্ট দূরত্বে চালক ট্রেনটিকে থামাতে সক্ষম হন। কার্যত ঘাম দিয়ে জ্বর ছাড়ে ওই বনকর্মী ও অন্যান্যদের। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের শিলিগুড়ির নকশালবাড়িতে।
নকশালবাড়ি এলাকায় ৭০টি বুনো হাতির দল হানা দিয়েছে। গতকাল, শনিবারই তাদের দেখা গিয়েছে। পুরুষ, স্ত্রী ছাড়াও একাধিক বাচ্চা আছে সেই হাতির দলে। জাতীয় সড়ক ধরে ওই হাতির দল পার হতে শুরু করেছিল। সেজন্য প্রশাসন ও বনকর্মীরা রাস্তায় গাড়ি চলাচল কিছু সময়ের জন্য বন্ধ করে দিয়েছিল। রাস্তার একদিক থেকে অন্যদিকে হাতির পাল যেতে থাকে।
আরও পড়ুন:
সেসময় বনকর্মী আকাশ কেরকেট্টার ভাবনায় এসেছিল, সামনেই রেললাইন। হাতির দল তো সেই রেললাইনও পার হবে কিছু সময়ের মধ্যে। সেই ভেবেই রেললাইনের দিকে ছুটেছিলেন ওই বনকর্মী। তিনি রেললাইনে উঠেই দেখতে পান দূর থেকে ছুটে আসছে দূরপাল্লার সিকিম-মহানন্দা এক্সপ্রেস। এদিকে হাতির পালও তো কিছু সময়ের মধ্যেই রেললাইন পারাপার করবে। এখনই ট্রেন না থামালে ঘটে যাবে বড়সড় দুর্ঘটনা। নিজের সঙ্গে থাকা লাল কাপড় হাতে তুলে চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে থাকেন তিনি। এদিকে ট্রেন প্রবল গতিতে সামনের দিকে ছুটে আসছে। হাতির পালও লাইনের খুব কাছে চলে এসেছে। ট্রেন থামানোর জন্য ক্রমাগত হাতের লাল কাপড় নাড়াতে থাকেন আকাশ।

শেষপর্যন্ত চালক সেই লাল কাপড়ের সংকেত দেখে ফেলেন। বিপদ বুঝে ট্রেনের গতি কম করতে থাকেন। ততক্ষণে হাতির দল রেললাইনে উঠে গিয়েছে। সেই ঘটনা দৃষ্টি এড়ায়নি চালকের। শেষপর্যন্ত নির্দিষ্ট দূরত্বে চালক ট্রেন থামানো সম্ভব হয়। হাতির দল নিরাপদে লাইন পেরিয়ে জঙ্গলে ঢুকে যায়। বনকর্মী আকাশ কেরকেট্টার প্রশংসা করেছেন আধিকারিকরা। দুর্ঘটনা এড়াতে পেয়ে স্বস্তি পেয়েছেন ওই তরুণ বনকর্মীও।
উত্তরবঙ্গে রেললাইন পারাপারের সময় অতীতে ট্রেনের ধাক্কায় একাধিক হাতির মৃত্যু হয়েছে। রেল দপ্তরের সঙ্গে বন দপ্তরের সংযোগ স্থাপনের কথাও বলা হয়। সম্প্রতি চালকের সজাগ দৃষ্টিতে রাতে রেললাইন পেরতে যাওয়া একাধিক হাতির প্রাণরক্ষাও হয়েছে। এবার বনকর্মী ও চালকের তৎপরতায় ফের রক্ষা পেল বন্যপ্রাণ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
