চোরবাগানে পদপিষ্টের ঘটনায় আটক ১০, তদন্তে সিট গঠন মুখ্যমন্ত্রীর

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


চোরবাগানের পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে আটক করেছে কলকাতা পুলিশ। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা, নিরাপত্তা এবং দর্শনার্থীদের প্রবেশ ও বেরনোর পথ নিয়ে তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনার পিছনে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। এদিকে, ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, কলকাতা হাই কোর্টের বিচারপতির নেতৃত্বে সিট গঠন করে ঘটনার তদন্ত হবে।

সপ্তমীর সন্ধ্যা। ঘড়ির কাঁটায় তখন ৭টা ৪০ মিনিট। প্রত্যক্ষদর্শীদের দাবি, মাইকে কিছু ঘোষণার পর হুড়োহুড়ি শুরু হয়। মণ্ডপ থেকে বেরতে গিয়ে পড়ে যান বেশ কয়েকজন। তারপর মর্মান্তিক ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী ১৭ জনের মৃত্যু হয়েছে। জখম অনেকেই। এই ঘটনার খবর পাওয়ামাত্রই মুখ্যমন্ত্রী কলকাতা মেডিক্যাল কলেজে যান। মৃতের পরিবারের এবং আহতদের সঙ্গে দেখা করেন।

এরপর রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। থিমের চেয়ে প্রাণ অনেক গুরুত্বপূর্ণ। তাই দমকল, প্রশাসনের পরামর্শমতো মণ্ডপসজ্জা করুন।” এই ঘটনার তদন্ত প্রসঙ্গে বলেন, “কালকেই আমরা হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখব, তিনি যাতে একজন বর্তমান বিচারপতিকে নিয়োগ করেন। তাঁর তদারকিতেই বিশেষ তদন্তকারী দল গোটা ঘটনা খতিয়ে দেখা হবে।” মৃতদের পরিবারের সদস্যদের জন্য ২৫ লক্ষ টাকা এবং একটি সরকারি চাকরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের চিকিৎসার ভার নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, রবিবার কলকাতার নামী পুজো মণ্ডপ ঘুরে দেখবে একটি বিশেষ দল। এদিকে, আপাতত চোরবাগানের মণ্ডপ ঘিরে রেখেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *