চেন্নাইয়িনের কাছে ৫ গোল হজম, আইএসএলে লজ্জার হার ইস্টবেঙ্গলের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


ইস্টবেঙ্গল: ৩ (লোবা, রামিরেজ, ডেভিড)
চেন্নাইয়িন: ৫ (ব্রাইসন ২, রামন, ইরফান ২)

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র স্বপ্ন কার্যত শেষ। যুবভারতীতে হারের পরে সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল ইস্টবেঙ্গল কোচ আন্তনিও লোপেজ হাবাসকে। অতীত ভুলে আইএসএলে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ছিল লাল-হলুদের। কিন্তু চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে পাঁচ গোল হজম করতে হল মশাল ব্রিগেডকে। ফলে আইএসএলে জয়ের হ্যাটট্রিক তো হলই না, বরং দীপাবলির ঠিক আগে ৫-৩ গোলে হেরে একরাশ লজ্জা নিয়ে চেন্নাই থেকে ফিরতে হচ্ছে হাবাসের দলকে। 

আরও পড়ুন:

ম্যাচের আগে শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যানেও খুব একটা স্বস্তিতে ছিল না কোনও দল। চেন্নাইয়িনের ঝুলিতে ছিল দু’টি ড্র ও তিনটি হার। শেষ ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল তারা। অন্যদিকে, শেষ পাঁচ ম্যাচে দু’টি জয়, একটি ড্র ও দু’টি হার নিয়ে চেন্নাই গিয়েছিল ইস্টবেঙ্গল। ম্যাচ শুরুর আগে প্রয়াত জেসুস ডি মিগুয়েলের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের ফুটবলাররা। স্পেনের দ্বিতীয় ডিভিশনের এক ম্যাচে বিপক্ষ গোলকিপারের সঙ্গে সংঘর্ষের পরে প্রাণ হারিয়েছিলেন তিনি।

শনিবার শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে চেন্নাইয়িন। চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। ডান দিক থেকে ইরফান ইয়াদওয়াডের বাড়ানো ক্রস বুদ্ধিমত্তার সঙ্গে ছেড়ে দেন মাদিহ তালাল। পিছন থেকে উঠে এসে নিখুঁত শটে বল জালে জড়ান ব্রাইসন ফার্নান্ডেজ। মরশুমে প্রথম গোল করলেন তিনি। ১১ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল চেন্নাইয়িন। লং বল ধরে এগিয়ে গিয়েও লক্ষ্যভ্রষ্ট হন ইরফান। সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলও। অধিনায়ক মহম্মদ রশিদের ক্রস থেকে হেড করেছিলেন লালচুংনুঙ্গা। কিন্তু তাঁর হেড লক্ষ্যে ছিল না। উলটে ১৭ মিনিটে দুরন্ত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাইসন। দূর থেকে তাঁর বাঁক খাওয়ানো শট পোস্টে লেগে জালে ঢুকে যায়। শুরুতেই কার্যত দিশাহারা হয়ে পড়ে ইস্টবেঙ্গলের রক্ষণ। ডিফেন্সে আনোয়ার আলির অভাব বারবার চোখে পড়ছিল। 

২৯ মিনিটে অবশ্য ব্যবধান কমায় লাল-হলুদ। বক্সের মধ্যে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বল দখল করেন একে লোবা। তার পরে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ইস্টবেঙ্গলকে ম্যাচে ফেরান তিনি। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৫ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন চেন্নাইয়িনের তালাল। তাঁর জায়গায় নামেন লালরিয়াতপুইয়া চংথউ। এর পরেই আবার চেন্নাইয়িনের দাপট। নিজেদের বক্সে ব্রাইসনকে ফাউল করেন জিকসন সিং। পেনাল্টি দেন রেফারি। ৪১ মিনিটে স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি রামন আন্দ্রাদে। প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় চেন্নাইয়িন।

বিরতির পরে জোড়া পরিবর্তন করেন হাবাস। পিভি বিষ্ণু ও বিপিন সিংকে তুলে এডমুন্ড লালরিনডিকা এবং রোহিত দানুকে নামান তিনি। ৪৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান দানি রামিরেজ। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের বক্সে হ্যান্ডবল করে বসেন চেন্নাইয়িনের ডিফেন্ডার মহম্মদ সাহিফ। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি স্প্যানিশ মিডফিল্ডার। ৫১ মিনিটে ফের গোলের সুযোগ তৈরি করে চেন্নাইয়িন। ব্রাইসনের জোরালো শট কোনওক্রমে বাঁচান ইস্টবেঙ্গল গোলকিপার গিল। তবে ৫৮ মিনিটে আর রক্ষা হয়নি। ইস্টবেঙ্গলের রক্ষণ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে পরিবর্ত হিসেবে নামা রিয়াতের শট থেকে বল পেয়ে যান ইরফান। কাছ থেকে বলের দিক পরিবর্তন করে জালে পাঠান তিনি।

একের পর এক গোল হজম করে চাপে পড়ে আবারও জোড়া পরিবর্তন করেন লাল-হলুদ কোচ। একে লোবার পরিবর্তে ডেভিড এবং নুঙ্গার জায়গায় হার্দিক ভাটকে নামান। তাতে লাভের লাভ কিছু হয়নি। ৬৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে রামনের মাপা পাস ধরে ইরফানের নিখুঁত ফিনিশে পঞ্চম গোল হজম ইস্টবেঙ্গলের। এর পরেও গোলের ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েছিল চেন্নাইয়িন। ৭৩ মিনিটে গোলকিপার গিলকে একা পেয়েও বল বারের উপর দিয়ে উড়িয়ে দেন রামন। বাকি সময়েও একের পর এক আক্রমণে লাল-হলুদ রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে চেন্নাইয়িন। গিল একাধিকবার দলকে রক্ষা না করলে ইস্টবেঙ্গলের লজ্জা আরও বাড়তে পারত। সংযুক্তি সময়ে ডেভিডে সান্ত্বনাসূচক গোলে ব্যবধান কমলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *