চার বছরেও পৌঁছায়নি জল

চার বছরেও পৌঁছায়নি জল

ব্লগ/BLOG
Spread the love


শুভদীপ চক্রবর্তী, সাহেবগঞ্জ: ২০২১ সালে বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের তালতলা এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (পিএইচই) জলাধার নির্মাণ শুরু করে। পাশাপাশি শুরু হয় পাইপলাইন বসানোর কাজ। কিন্তু জলাধার নির্মাণ হয়ে গেলেও এখনও বাড়ি বাড়ি পৌঁছায়নি জলের লাইন। ফলে পরিস্রুত পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত এলাকার বাসিন্দারা।

জল জীবন মিশনের অধীনে এই প্রকল্পের কাজ একদমই ধীরগতিতে চলার ফলে জল পেতে আরও অপেক্ষা করতে হবে গ্রামবাসীকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। পিএইচই’র জেলা আধিকারিক সুব্রত ধরের বক্তব্য, প্রকল্পের কাজ চলছে, তবে ধীরগতিতে। যার কারণ ফান্ডিংয়ের সমস্যা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।

জল জীবন মিশন প্রকল্পের কাজ শেষ হলে দক্ষিণ বড়শাকদল, উত্তর বড়শাকদল, লাঙ্গলিয়া ও পরানের ছড়ার একাংশ এলাকার অন্তত পাঁচ হাজার বাসিন্দা এই পরিস্রুত পানীয় জলের সুবিধা পাবেন। তবে বর্তমানে কাজ ধীরগতিতে চলার কারণেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তাঁরা চাইছেন দ্রুত কাজ শেষ করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হোক। এই সমস্যার ফলেই সাধারণ মানুষের ভরসা দূরের কোনও পানীয় জলের কল কিংবা বাজারের পানীয় জলের জার। কবে সমস্যার সমাধান হবে আর কবেই বা মিলবে প্রকল্পের জল- সেই আশায় দিন গুনছেন তাঁরা।

তালতলা এলাকার বাসিন্দা বিশ্বনাথ দেব বলেন, ‘জলাধার তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এখনও বাড়ি বাড়ি পাইপলাইন আসেনি। কাজ খুবই ধীরগতিতে চলছে।’ আরেক বাসিন্দা মৃণাল সরকারের কথায়, ‘আশা জেগেছিল পরিস্রুত পানীয় জল মিলবে এবার। সেই আশা আর পূরণ হবে বলে মনে হচ্ছে না।’ এদিকে, বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতারানি সাহা রায়ের দাবি, ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। খুব দ্রুত বাকি কাজ শেষ করার চেষ্টা চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *