বাগানবাড়ির মাটি খুঁড়ে সদ্যোজাতের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সোনারপুরে। ঘটনাটি সোনারপুর-২ গ্রাম পঞ্চায়েতের আড়াপাঁচের গোপালপুর গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসকন মন্দির সংলগ্ন সোনারপুর নতুনপল্লির বাসিন্দা চিকিৎসক গিরীন মণ্ডলের বাগানবাড়ি থেকে শিশুটির দেহ উদ্ধার হয়েছে। ওই বাগানবাড়িটি গোপালপুর গ্রামে অবস্থিত। গ্রামবাসীদের অভিযোগ, দিন তিনেক আগে গভীর রাতে ওই বাগানবাড়িতে অজ্ঞাতপরিচয় কেউ কিছু একটা নিয়ে এসে পুঁতে রাখে। রাতে কুকুরের অস্বাভাবিক ডাকাডাকি শুনে তাঁদের সন্দেহ হয়। এরপরই বিষয়টি নিয়ে এলাকায় জল্পনা শুরু হয়।
মঙ্গলবার সন্ধ্যায় গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন তদন্তকারীরা। সন্দেহজনক একটি জায়গায় শুরু হয় খননকাজ। প্রায় তিন ফুট মাটি খোঁড়ার পর সেখান থেকে উদ্ধার হয় পচাগলা সদ্যোজাত শিশুর দেহ। দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন:
কে বা কারা শিশুটির দেহ সেখানে পুঁতে রেখেছিল, কীভাবে এই ঘটনা ঘটল এবং এর নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। শিশুটির পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। এলাকাবাসীর বক্তব্য, এমন ঘটনা তাঁদের কল্পনারও বাইরে। একদিকে রাজ্যে নতুন সরকারের তরফে ‘ভয় আউট, ভরসা ইন’ স্লোগান তুলে নিরাপত্তা ও আস্থার বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে সোনারপুরের মতো এলাকায় এমন রহস্যজনক ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা ও সামাজিক সচেতনতা নিয়ে। ঘটনা ঘিরে গোটা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ও তীব্র চাঞ্চল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
