তখন তিনি বিরোধী দলনেতা। নন্দীগ্রামের বিধায়ক হিসেবে নন্দীগ্রাম থানার কালীপুজোয় পেতেন আমন্ত্রণ। কিন্তু যেতেন না। দূর থেকেই শুভেচ্ছাবার্তা পাঠাতেন শুভেন্দু অধিকারী। কিন্তু এক বছরের মধ্যেই রাজ্যের রাজনীতিতে এসেছে বদল। এখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান। রবিবার সন্ধ্যায় সেই থানারই পুজোয় উপস্থিত হলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামবাসীর জন্য দিয়ে এলেন, ‘১৫ কোটির উপহার’। পুজো দেওয়ার পাশাপাশি ‘রেকর্ড’ মার্জিনে বিধায়ক হিসাবে হাসিরানি রথকে জেতানোর জন্য নন্দীগ্রামবাসীকে ধন্যবাদও জানান তিনি। ঘোষণা করেন একগুচ্ছ উন্নয়নমূলমূলক কাজেরও। তালিকায় রয়েছে নন্দীগ্রামে নতুন পুলিশ ফাঁড়ি, গেস্ট হাউস, অডিটোরিয়াম ইত্যাদি। প্রায় ১৫ কোটি টাকায় বিপুল এই কর্মযজ্ঞ হবে বলে ঘোষণা করেছেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “একটা সময় পুলিশকে নন্দীগ্রামের মানুষ শত্রু বলে মনে করত। সেই পুলিশ ধীরে ধীরে বন্ধু হয়ে উঠেছেন। আজকে আমি কিছু উন্নয়নের ডালি নিয়ে এসেছি। কারণ আমি কথা দিয়েছিলাম। আমি মুখ্যমন্ত্রী হতে পারি, পদোন্নতি হতে পারে, দায়িত্ব বাড়তে পারে, কিন্তু নন্দীগ্রামের মানুষ আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন, ভালোবাসেন। তাই বারে বারে তাঁরা নির্বাচিত করেছেন।” শুভেন্দু অধিকারীর কথায়, “দুই জায়গায় বিধায়ক থাকার যেহেতু নিয়ম নেই। তাই এই আসন আমাকে ছাড়তে হয়েছে। কিন্তু আমি কথা দিয়েছি, উৎসবে, বিপদে, বিপর্যয়ে, উন্নয়নে আপনাদের বন্ধু শুভেন্দু অধিকারীকে পাবেন। আজ আমি আমাদের প্রথা মেনে হলদিয়া উন্নয়ন পর্ষদের উন্নয়নের ভূমি পুজো করলাম।”
আরও পড়ুন:

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্য সরকার রাজ্যের সমস্ত থানায় জিম তৈরি করবে। তিনটি জিনিস দেওয়া হবে। একটি জিম, ওয়াটার পিউরিফায়ার এবং জেনারেটর। সেই তালিকায় নন্দীগ্রাম থানা আছে বলেও জানান মুখ্যমন্ত্রী। সোনাচূড়ার আউটপোস্ট তৈরির জন্যে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি তৈরি হবে ‘অফিসার্স কোয়ার্টার’ও। এদিন মুখ্যমন্ত্রী জানান, পাঁচটি টু বিএইচকে ফ্ল্যাট তৈরি হবে আফিসারদের জন্য। থাকবে আরও ছ’টি ফ্ল্যাট।” এছাড়াও, নন্দীগ্রামের জন্য শুভেন্দু অধিকারীর ঝুলিতে রয়েছে নতুন একটি অডিটোরিয়াম, যেখানে দেড়শোর বেশি মানুষ বসতে পারবেন। এছাড়া পুলিশ ক্যান্টিন তৈরি, স্নানের ঘাট সংস্কার, আইটিআই তৈরির কাজও হবে নন্দীগ্রামে। দীপাবলিতে নন্দীগ্রামবাসীকে এই উপহার দেওয়ার পাশাপাশি, রেলকে জমি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
