১২ বছর থেকে হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন বাসিন্দারা। আর বিরোধীরা নির্বাচন হতে বাধা দিচ্ছে। হাওড়ার কাজিপাড়ার একটি অনুষ্ঠান থেকে এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি জানিয়ে দেন, সময়মতো নির্বাচন সম্পন্ন করা না গেলে হাওড়ার ওয়ার্ডগুলিতেও কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। তাঁর স্পষ্ট কথা, সরকারবিরোধী কাউকে কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হবে না। তিনি জানান, ১ ডিসেম্বর থেকে হাওড়ার ওয়ার্ডগুলিতে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে।
শুভেন্দু এদিন জানান, বছরের পর বছর সরকারি আধিকারিকদের দিয়ে পুরসভা চালানো যায় না। তাঁদের কিছু লিমিটেশন রয়েছে। রাজ্যে পালাবদলের পরই নতুন সরকার ডিলিমিটেশন করে হাওড়া ও কলকাতা পুরসভার নির্বাচন করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু নির্বাচনে বাধা দিতে হাই কোর্টে গিয়েছে বিরোধীরা। যাঁদের জামানত বাজেয়াপ্ত হবে তাঁরাই নির্বাচনে বাধা দিচ্ছে। তাঁর হুঁশিয়ারি, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন তিনি। আর সময়মতো নির্বাচন না হলে ১ তারিখ থেকে হাওড়ার ওয়ার্ডগুলিতেও কো-অর্ডিনেটর বসানো হবে। ১২ বছর ধরে হাওড়ার বাসিন্দারা পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। তা সত্ত্বেও নির্বাচনে বাধা দিচ্ছে বিরোধীরা। শুভেন্দুর কথায়, “কো-অর্ডিনেটর হিসেবে তাঁকেই নিয়োগ করব যিনি সরকারে পাশে থাকবে, সরকারের বিরোধিতা করবেন না।”
আরও পড়ুন:
এর আগে কলকাতা পুরসভায় পুনর্বিন্যাস হওয়া ২০৯টি ওয়ার্ডেই দলীয় পছন্দের লোকদের কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সেই ‘প্রস্তাব’-এ সিলমোহর দেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “ভোটের মতো পরিস্থিতি না থাকলে বিকল্প চিন্তা করতেই হবে।” তিনি আরও বলেন, “বামেদের পার্টি অফিস থেকে কাউকে বা তৃণমূলের প্রতিষ্ঠিত চিহ্নিত দুর্নীতিগ্রস্তদের তো বসাতে পারব না। আমাদের নেতারাই কো-অর্ডিনেটর হবেন।” এই বিষয়ে আরও একবার স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দেন, কলকাতার পাশাপাশি হাওড়া পুরসভার ওয়ার্ডগুলিতেও ১ ডিসেম্বর থেকে বসবে কো-অর্ডিনেটর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
