প্রথম ম্যাচে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে ড্র। তবে দ্বিতীয় ম্যাচেই বিশ্বকাপে ঝলমলিয়ে উঠল এশিয়ার সূর্য। রবিবার সকালে তিউনিশিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স জাপানের। দাপুটে ম্যাচ জিতে নকআউটের দৌড়ে অনেকখানি এগিয়ে গেলেন দাইচি কামাডারা। বেশ ভালো ফুটবল খেলল তিউনিশিয়াও। তবে আয়াসে উইডার জোড়া গোল আর জাপানের দারুণ ফুটবলের সামনে ফিকে হয়ে গেল আফ্রিকার দেশটি।
গ্রুপ এফের প্রথম ম্যাচে জাপানের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস, যারা শনিবার গভীর রাতে পাঁচ গোল দিয়েছে সুইডেনকে। সেই ডাচ বাহিনীর বিরুদ্ধে প্রথম ম্যাচ ২-২ ড্র করেছিল জাপান। দ্বিতীয় ম্যাচেই একেবারে দাপুটে মেজাজে দেখা গেল সামুরাই বাহিনীকে। এই ম্যাচটা ছিল ফুটবল বিশ্বকাপের ১০০০ তম ম্যাচ। মাত্র চার মিনিটের মাথায় অনবদ্য গোল করলেন কামাডা। ওখানেই যেন ম্যাচ থেকে হারিয়ে যেতে শুরু করল তিউনিশিয়া। জাপানের গতি রুখতে বেশ হিমশিম খায় গোটা দল।
প্রথমার্ধের প্রায় ২৫ মিনিট কেটে যাওয়ার পর খানিকটা ছন্দে ফেরে তিউনিশিয়া। পুরোপুরি রক্ষণাত্মক ছকে চলে গিয়ে জাপানের আক্রমণ রুখতে চেষ্টা করে। কিন্তু ৩১ মিনিটের মাথায় সেই রক্ষণ চিরে গোল উইডার।
