এনকাউন্টার হতে পারেন অভিষেকের পিএ সুমিত! স্ত্রীর জরুরি আবেদনে কী বলল হাই কোর্ট?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


স্বামীকে এনকাউন্টার করা হতে পারে! শালবনি জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের স্ত্রী এমনটাই আশঙ্কা প্রকাশ করেছিলেন। দ্রুত শুনানি চেয়ে হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন তিনি। তাঁর আর্জি শুনল না হাই কোর্ট। মঙ্গলবার সেই শুনানির আর্জি খারিজ করে নিয়মিত বেঞ্চে পাঠাল বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়। পর্যবেক্ষণে আদালত সাফ জানায়, এটি কোনও বিশেষ আর্জির ভিত্তিতে দ্রুত শোনা হবে না। পাশাপাশি ডিভিশন বেঞ্চ তড়িঘড়ি শুনানির দিন ধার্য করার আর্জিও নাকচ করে দেয়। মামলাটিকে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। ফলে আপাতত আইনি সুরক্ষা পাচ্ছেন না সুমিত রায়।

আরও পড়ুন:

শালবনি জমি দুর্নীতি মামলা ও ডায়মন্ড হারবার পুলিশের একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন সুমিত। তাঁর জামিনের আর্জি খারিজ করেছে আদালত। তাঁকে হেফাজতে নিয়ে তদন্ত করছে পুলিশ। এই আবহে সুমিত রায়ের স্ত্রী আদালতে আবেদন জানিয়ে দাবি করেন, তাঁর স্বামীর জীবন সংশয়ে রয়েছে। পুলিশি হেফাজতে বা নিয়ে যাওয়ার সময় তাঁর এনকাউন্টার হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেন তিনি। আইনি সুরক্ষার আবেদন জানান তিনি। আদালতে দেওয়া আবেদনে সুস্মিতা জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকার সঙ্গে তাঁর স্বামীর কোনও যোগ নেই। তাঁর অভিযোগ, জোর করে স্বামীর কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে। পুলিশি হেফাজতে সুমিতের উপর লাগাতার চাপ তৈরি করা হচ্ছে।

মিথ্যা মামলায় জড়িয়ে তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেছেন তিনি। এই পরিস্থিতিতে স্বামীর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে সুস্মিতা আদালতকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। গোটা ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন। তা না হলে কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পসিট গঠন করে তদন্তে হোক বলেও আদালতে আর্জি জানান সুস্মিতা রায়। তবে সেই সংক্রান্ত মামলায় দ্রুত শুনানিতে নারাজ হাই কোর্ট। মামলা জরুরি ভিত্তিতে শোনার মতো কোনও বিশেষ কারণ দেখা যাচ্ছে না বলে জানায় আদালত।

উল্লেখ্য, শালবনির জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মামলায় তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল হাই কোর্ট। এরপর সুমিত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেখানেও তাঁর আবেদন খারিজ হওয়ার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান সুমিত। আদালতের অবকাশকালীন বেঞ্চ জানিয়ে দেয়, সুমিতকে জামিন দেওয়া হলে রাজনৈতিকভাবে তদন্ত প্রভাবিত হতে পারে। বলা হয়েছে, পুজোর ছুটির পর ১৬ নভেম্বর জামিনের মামলার শুনানি হবে। এর মধ্যেই পুলিশি হেনস্তার অভিযোগ তুলে ফের হাই কোর্টের গেলেন সুমিতের স্ত্রী।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *