‘উই আর লাইক বাটারফ্লাইজ হু ফ্লাটার ফর আ ডে অ্যান্ড থিঙ্ক ইট ইজ ফরএভার।’ চিত্রবিচিত্র বর্ণের প্রজাপতিরা একটি দিন কাটিয়েই ভাবে আমি এমন করেই চিরকাল রয়েছি। মানুষের অবস্থাও তেমন। সে যাকে অসীম ভাবে তা আসলে হয়তো একটি দিন। এমনটাই মনে করতেন কার্ল সাগান। এবার অসীমকে স্পর্শ করার পথে এক বড়সড় ধাপ পেরতে চলেছে অমৃতের পুত্রকন্যারা। এই প্রথম এক আলোকবর্ষ দূরত্ব পেরতে চলেছে মানুষের তৈরি কোনও মহাকাশযান। ‘অসাধ্যসাধন’ করার পথে ভয়েজার ১। বুধবার, ১৮ নভেম্বরই এই কীর্তি গড়তে চলেছে যানটি।
এক আলোকবর্ষ অর্থে আলো এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেই বিপুল অবিশ্বাস্য দূরত্ব। আলো এক সেকেন্ডে যায় ১ লক্ষ ৮৬ হাজার মাইল! প্রতি বছরের নিরিখে সেটা দাঁড়ায় ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার। সংখ্যায় লিখলে ৯৪৬০০০০০০০০০০ কিমি! এবার পৃথিবী থেকে এতটা দূরে চলে যেতে চলেছে ভয়েজার।
আরও পড়ুন:
১৯৭৭ সালে যাত্রা শুরু করেছিল ভয়েজার ১। নাসা জানিয়েছে, এই মুহূর্তে ঘণ্টায় ৬১ হাজার ১৫৫ কিমি গতিবেগে চলছে ভয়েজার। আর এভাবে চলতে চলতে বুধবার সে পৌঁছে যাবে এক আলোকবর্ষ দূরত্বে। বলে রাখা ভালো, সাড়ে তিন দশক আগেই আমাদের নীল রঙের গ্রহটা ভয়েজারের কাছে হয়ে উঠেছিল একটা বিবর্ণ নীল বিন্দুবৎ। তার নাগালটুকুও আর পায় না। কিন্তু তার শরীরে রাখা মানুষের ‘চিঠি’ থাকবে অন্তরীক্ষের পথে ‘চকমকি পাথর’ হয়ে। অন্য কোনও জগতের বাসিন্দারা হয়তো সেই সংকেত পড়ে জানতে পারবে এক মাঝারি মানের নক্ষত্রের পরিবারের এক সাধারণ গ্রহের কথা।
উল্লেখ্য, ২০২৪ সালে ‘অসুস্থ’ হয়ে পড়েছিল ভয়েজার ১। সাড়া দিচ্ছিল না যানটি। পাঠাচ্ছিল অর্থহীন তথ্য। তবে পৃথিবী থেকে পাঠানো সংকেত কিন্তু দিব্যি ‘রিসিভ’ করছিল যানটি। স্বাভাবিক ভাবেই চিন্তার ভাঁজ পড়েছিল নাসার বিজ্ঞানীদের কপালে। তাঁরা খুঁজতে শুরু করেছিলেন ভয়েজারের ‘অসুখ’। পরে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি আবিষ্কার করে একটি মাত্র চিপেই রয়েছে গোলমাল। সেটিকে সারিয়ে ফেলতেই আদ্যিকালের কম্পিউটার সিস্টেমটি দিব্যি কাজ করতে শুরু করে দেয়। এবার সে গড়তে চলেছে ইতিহাস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
