একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


দিঘার হোটেলে ইন্টেরিয়র ডেকরেশনের টোপ দিয়ে শপিং মলে ‘বৈঠক’। সেই বৈঠকেই কমিশনের ভিত্তিতে পাঁচশো টাকার নোটের বদলে একশো টাকার নোটের হাতবদলের প্রস্তাব। এতে রাজি হয়ে গিয়েই বিপদে পড়লেন এক ব‌্যবসায়ী। একশো টাকার নোটে পাঁচ লাখ টাকা দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নিল প্রতারণা চক্র। তার বদলে বন্ধ সুটকেসে টাকার মাপে কাটা সাদা কাগজ ব‌্যবসায়ীর হাতে তুলে দিয়ে পালাল ওই চক্রের সদস‌্যরা। এই ব‌্যাপারে দক্ষিণ কলকাতার ভবানীপুর থানায় ওই ব‌্যবসায়ী অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, ওই ব‌্যবসায়ী মধ‌্য কলকাতার নিউ মার্কেট এলাকার বাসিন্দা। তাঁর সঙ্গে একটি অ‌্যাপের মাধ‌্যমে অমিত নামে একজনের পরিচয় হয়। সে জানায়, দিঘার একটি হোটেলে ইন্টেরিয়র ডেরকেশনের অর্ডার রয়েছে। মালিকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। এই ব‌্যাপারে কথা বলতেই লেক মলে ডেকে পাঠানো হয়। সেখানেই অমিত ব‌্যবসায়ীকে প্রস্তাব দেয়, তাদের মালিকের কাছে প্রচুর পুরনো একশো টাকার নোট রয়েছে। তার বদলে তিনি নতুন পাঁচশো টাকার নোট চান। পাঁচ লাখ টাকার একশো টাকার নোটের বদলে ব‌্যবসায়ীর কাছ থেকে পাঁচশো টাকার নোটে সাড়ে তিন লাখ টাকা নেওয়া হবে বলে জানানো হয়। এতে তাঁর দেড় লাখ টাকা লাভ হবে। সঙ্গে দিঘার হোটেলে কাজের বরাতও তিনি পাবেন। তাতে ব‌্যবসায়ী রাজি হয়ে যান।

আরও পড়ুন:

সম্প্রতি তাঁকে ভবানীপুরের একটি জায়গায় পাঁচশো টাকার নোট নিয়ে যেতে বলা হয়। ব‌্যবসায়ী ব‌্যাঙ্ক থেকে টাকা তুলে একটি ব‌্যাগে তা নিয়ে যান। অমিতের সঙ্গে কথাবার্তা বলার সময়ই গাড়ি করে অমিতের শাগরেদ ‘বুল্টি রানা’ এক ব‌্যক্তিকে নিয়ে আসে। ওই ব‌্যক্তি নিজেকে দিঘার হোটেলের মালিক বলে পরিচয় দেয়। প্রথমে হোটেলের কাজ নিয়ে কথা হয়। তার পর ব্যবসায়ীর হাতে একটি সুটকেস তুলে দিয়ে ওই ব‌্যক্তি বলে, এতে পাঁচ লাখ টাকা রয়েছে। ব‌্যবসায়ীও ওই ব‌্যক্তির হাতে সাড়ে তিন লাখ টাকা ভর্তি তালাবন্ধ সুটকেস তুলে দেন। ব‌্যবসায়ীকে নিজের গাড়িতে অপেক্ষা করতে বলে অমিত-বুল্টি রানারা জানায়, তারা ওই টাকা ব‌্যাঙ্কে জমা দিয়ে আসার পর দেখা করবে তাঁর সঙ্গে। তিনি তাদের বিশ্বাস করে গাড়িতে বসে অপেক্ষা করতে থাকেন।

কিন্তু ঘণ্টা দুই কেটে যাওয়ার পর তিনি ধৈর্য‌্য হারিয়ে ফেলেন। তিনি ওই সুটকেসের তালা ভেঙে দেখেন, ভিতরে টাকার মাপে কাটা সাদা কাগজ রয়েছে। তিনি আঁতকে ওঠেন। এর পরই ব‌্যবসায়ী ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। এর আগেও খড়গপুরের এক ব‌্যবসায়ীর সঙ্গে একই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছিল। সিসিটিভির সূত্র ধরে দুষ্কৃতীদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *