উৎসবের মরশুমে হানি সিংয়ের পরিবারে শোকের ছায়া। পাঞ্জাবের জলন্ধরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হানি সিংয়ের ভাগ্নে বিদিত ওলকের। রবিবার ভোরে এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ ইয়ো ইয়ো হানি সিংয়ের পরিবার। রবিবার ভোরে পুরসভার ট্র্যাক্টর-ট্রলিতে সজোরে ধাক্কা মারে হানি সিংয়ের ভাগ্নে, বিদিত ওলকের গাড়ি। সঙ্গে ছিলেন বন্ধু আরব তলওয়ার। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনেরই।
পুলিশ সূত্রে খবর, জলন্ধরের পুলিশ লাইনস এলাকার কাছে একটি উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে। এক বন্ধুর জন্মদিন পার্টি থেকে তাঁরা ফিরছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত ঘরের ছেলের আর ঘরে ফেরা হল না! হানি সিং তাঁর ইনস্টা হ্য়ান্ডলে এই মর্মান্তিক দুর্ঘটনার কথা সকলের কাছে পৌঁছে দিয়েছেন। জানা যাচ্ছে, বিদিত ওলাকের ভক্সওয়াগেন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড় করানো পুরসভার ট্র্যাক্টর-ট্রলিতে ধাক্কা মারে।
আরও পড়ুন:
বরাদরি থানার পুলিশ আধিকারিক সাহিল চৌধুরী জানান, রাত তিনটে নাগাদ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেই সময় উড়ালপুলে পুরসভার সাফাইকর্মীরা পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন। আবর্জনা সংগ্রহের জন্য রাস্তার উপর ট্র্যাক্টর-ট্রলিটি দাঁড় করানো ছিল। আর হানি সিংয়ের ভাগ্নের গাড়ি বিএমসি চকের দিক থেকে বিএসএফ চকের দিকে যাচ্ছিল। পুলিশ আধিকারিক আরও জানান, গাড়িতে ছিলেন মোট পাঁচজন। তিন জন আগেই বাড়ির সামনে নেমে যান। এরপর গাড়িতে ছিলেন শুধু বিদিত আর আরব।

মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। পরিবারের সদস্যরা আর কোনও আইনি পদক্ষেপ করতে চাননি। তাই বিদিত আর আরবের মৃতদেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য়, বিদিত পাঞ্জাবি মিউজিক সংস্থা স্পিড রেকর্ডসের মালিক দীনেশের ছেলে। আর আরব জলন্ধরের জনপ্রিয় মিষ্টির দোকান পাপ্পি সুইটসের মালিকের ছেলে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর ইনস্টাগ্রাম স্টোরিতে গায়ক হানি সিং শোকজ্ঞাপন করে এই দুর্ঘটনার খবর জানান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
