ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-য় সাইবার হানা। হাজার হাজার গ্রাহকের গোপন তথ্য হাতিয়ে, তা ডার্ক ওয়েবে ফাঁসের অভিযোগ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে। তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এর জেরে তাদের মূল কার্যক্রমের উপর কোনও প্রভাব পড়েনি।
সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইবারপালস৫৬’ সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করে। সেখানে তারা দাবি করে, এসবিআইয়ের প্রায় ৩ ল৭ ৮০ হাজার গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গিয়েছে। সেগুলির মধ্যে রয়েছে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, বাড়ির ঠিকানা, ঋণের আবেদন, প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদন সংক্রান্ত অন্যান্য রেকর্ড। গত ১৬ অক্টোবর প্রথম খবরটি প্রকাশ্যে আনে ‘সাইবারপালস৫৬’। তাদের দাবি, এই সাইবার হানার নেপথ্যে রয়েছে ‘সিরিয়াসিম’ নামে একটি হ্যাকার গোষ্ঠী। সাইবার নিরাপত্তা সংস্থার আরও দাবি, এই সংবেদনশীল তথ্যগুলি কমা-সেপারেটেভ ভ্যালু বা সিভিএস ফরম্যাটে রয়েছে হ্যাকারদের কাছে রয়েছে। পাশাপাশি, তাদের কাছে রয়েছে ২ হাজার ৭২২টি পিডিএফও।
আরও পড়ুন:
‘সাইবারপালস৫৬’-এর এহেন দাবির চারদিন পর মুখ খুলল এসবিআই। তারা খবরটি নিশ্চিত করেছে। জানিয়েছে, বড়সড় সাইবার হামলার মাধ্যমে হ্যাকাররা ব্যাঙ্কের গ্রাহকদের তথ্য ভাণ্ডারে প্রবেশ করে এবং হাতিয়ে নিয়েছে প্রচুর সংবেদনশীল তথ্য। ডার্ক ওয়েবে ফাঁসের বিষয়টিও স্বীকার করে নিয়েছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। গোটা ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলেও জানিয়েছে তারা। বিশেষজ্ঞদের মতে, ব্যাঙ্কের তথ্য ভাণ্ডারে প্রবেশ করে গ্রাহকদের কেওয়াইসি (নো ইয়োর কাস্টমার) তথ্য হাতিয়ে নিয়ে থাকতে পারে সাইবার অপরাধীরা। সে ক্ষেত্রে গ্রাহকদের আধার নম্বর, বাড়ির ঠিকানার মতো সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা প্রবল। শুধু তাই নয়, সেগুলিকে হাতিয়ার করে ভয় দেখিয়ে গ্রাহকদের থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়া হতে পারে বলেও মনে করছেন তাঁরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
