হিন্দুধর্মে শ্রাবণ মাসের গুরুত্বই অন্যরকম। গোটা মাসজুড়ে শিব ও পার্বতীর পুজো করেন ভক্তরা। তাতে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় বলেই বিশ্বাস। শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করে পুজোপাঠ করছেন অনেকে। তবে ব্যস্ততার কারণে কেউ কেউ ইচ্ছা থাকলেও দিনভর উপোসী থেকেও পুজো করতে পারেন না। তার ফলে যেন মনে কাঁটার মতো বিঁধতে থাকে পুজো করতে না পারার যন্ত্রণা। তবে বিশেষ দিনে পুজো না করে এই চার কাজ করলেও মিলবে মহাদেবের আশীর্বাদ।
- শ্রাবণের প্রতিটি দিন মহাদেবের জলাভিষেক করুন। শিবের মাথায় দুধ, দই, চন্দন নিবেদন করতে পারলে ভালো হয়। তবে না পারলেও কোনও সমস্যা নেই। ভক্তিভরে জল ঢাললেই হবে।
- শিবের অত্যন্ত প্রিয় বেলপাতা। শ্রাবণের সোমবার ছাড়া বাকি দিনগুলিতে মহাদেবকে বেলপাতা নিবেদন করুন। তাতে ভগবান প্রসন্ন হবে। আপনার জীবন ভরে উঠবে ধনসম্পদ ও সুখসমৃদ্ধিতে।

- শিবের ব্রত পালন করতে না পারলে কোনও ক্ষতি নেই। তবে প্রতিদিন সকালে শিবের মন্ত্রপাঠ করতে ভুলবেন না। স্নান সেরে শুদ্ধবস্ত্রে শিবের মন্ত্র পাঠ করুন। তাতেই হবে পুণ্যলাভ।
- শ্রাবণ মাসে দানধ্যান করতে ভুলবেন না। আপনার সাধ্যমতো গরিব, দুস্থদের দান করুন। তাতে ঘুচবে দুর্দশা। সুখসমৃদ্ধিতে ভরে উঠবে জীবন।
এই নিয়মগুলি মেনে চললেই পুণ্যলাভ সম্ভব। তবে শ্রাবণ মাসের সোমবারে খাওয়াদাওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম মেনে চলতে ভুলবেন না। এদিন নিরামিষ খাবার খান। ভুলেও রুটি কিংবা ভাত খাবেন না। ফল খেতে পারেন। আর অবশ্যই যেকোনও শিবমন্দিরের সামনে দাঁড়িয়ে ভক্তিভরে মহাদেবকে প্রণাম করতে ভুলবেন না।
