শিলিগুড়ি: দুর্গাপূজার আবহে রাজনৈতিক দলের বুক স্টল ঘিরে ফের উত্তেজনা। শিলিগুড়ির হিলকার্ট রোডে সিপিএমের বইয়ের স্টলে ভাঙচুর ও অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে সিপিএমের দলীয় কার্যালয়ের সামনে বসা ওই স্টলে উপস্থিত মহিলা নেত্রীদের কটূক্তি ও হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে।
দলের ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক সৌরভ সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় দুই যুবক প্রথমে স্টলে এসে একটি বই কিনে নিয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে তারা দাবি করে বইটি তাদের পছন্দ হয়নি, তাই তা ফেরত নিতে হবে। সেই মতো স্টল থেকে বই ফেরত নিয়ে টাকা ফিরিয়েও দেওয়া হয়। অভিযোগ, এর কিছুক্ষণ পর ওই দুই যুবক আরও বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে দলবদ্ধভাবে স্টলে চড়াও হয় এবং ব্যাপক হুজ্জুতি শুরু করে। স্টলে কেন মা দুর্গার ছবি রাখা হয়নি, সেই প্রশ্ন তুলে তারা উপস্থিত কর্মীদের সঙ্গে বচসায় জড়ায়।
সিপিএম নেতৃত্বের দাবি, হামলাকারী যুবকরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল। স্টলে থাকা মহিলা কর্মীদের উদ্দেশে তারা অত্যন্ত অবমাননাকর ও অপমানজনক ভাষা প্রয়োগ করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সিপিএম ও অন্যান্য বামপন্থী দলের জেলাস্তরের শীর্ষ নেতৃত্ব দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। খবর পেয়ে পৌঁছায় পুলিশও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে এই ঘটনার সঙ্গে তাদের দল বা কর্মীদের কোনও ধরনের যোগ থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

