আগামী শুক্রবার মহরম। ছুটির দিনে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইন, ইয়েলো লাইন ও গ্রিন লাইনে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছ। অরেঞ্জ ও পার্পল লাইন পরিষেবার কোনও পরিবর্তন করা হয়নি। যে সংখ্যক মেট্রো চলত এই দুই লাইনে সেটাই চলবে।
বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, শুক্রবার মহরমের দিন ব্লু লাইনে ২৬০টি মেট্রোর বদলে ২১৬টি মেট্রো চালানো হবে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তীত থাকছে। অন্যদিকে ইয়েলো লাইনে ১২০টি মেট্রোর বদলে ৯২টি মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই লাইনেও প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তীত রাখা হয়েছে। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৭টি সরাসরি পরিষেবার পরিবর্তে ৪টি পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি গ্রীন লাইনেও পরিষেবার সংখ্যা কমানো হয়েছে। ২২৮টি পরিষেবার বদলে ১৮৬টি মেট্রো চালানো হবে।
অন্যদিকে, মেট্রোর কাজের জন্য চলতি মাস ও আগামী জুলাই মাসে দুই দফায় বন্ধ থাকবে চিংড়িহাটা ফ্লাইওভার (Chingrighata Flyover)। চলতি মাসের আগামী শুক্রবার রাত ৮ টা থেকে সোমবার রাত ৮টা বন্ধ থাকবে এই ফ্লাইওভার। এরপর আগামী মাস অর্থাৎ জুলাই মাসের ৩ তারিখ রাত ৮টা থেকে ৬ তারিখ সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে এই ফ্লাইওভার। জনসাধারণের নিরাপত্তা ও কোনও রকম নিরাপত্তা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
