ডুরান্ড জয়ের পরদিনই নতুন বিদেশির নাম সরকারিভাবে ঘোষণা করল ইস্টবেঙ্গল। ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দিয়েগো জিভুলিচের সঙ্গে এক বছরের চুক্তি করল লাল-হলুদ। কিছুদিন আগেই নাচো মানসলভের চোট চিন্তা বাড়িয়েছিল ইস্টবেঙ্গল শিবিরের। নাচো কবে ফিরবেন সেটা নিশ্চিত করে বলতে পারছিলেন না হাবাস। জিভুলিচ কি নাচোর পরিবর্ত, সেটা জানায়নি ইস্টবেঙ্গল। ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব ১৮ ও অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডিফেন্ডারটির।
এএফসি-তে নামার আগে জিভুলিচের নাম ঘোষণায় স্বস্তি লাল-হলুদ শিবিরে। ক্রোয়েশিয়ান লিগে এনকে রুডসের হয়ে ম্যাচ খেলে কলকাতায় আসছেন জিলুভিচ। শেষ ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন ১৪ আগস্ট।
মোহনবাগানও তাদের ষষ্ঠ বিদেশি প্রায় নিশ্চিত করে ফেলল। শোনা যাচ্ছে লি আরউইনের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়েছে মোহনবাগান। সবকিছু ঠিক থাকলে স্কটিশ ফুটবলারটি আসতে পারেন সবুজ-মেরুনে। ইস্টবেঙ্গল নতুন বিদেশির নাম ঘোষণা করলেও এখনও পর্যন্ত মোহনবাগান আরউইনের নাম ঘোষণা করেনি। আশা করা যাচ্ছে দ্রুত নতুন বিদেশির নাম ঘোষণা করবে তারা।
