দীর্ঘ টালবাহানার পর অবশেষে কাটছে জট! জার্মানির সঙ্গে হাত মিলিয়ে অত্যাধুনিক ডুবোজাহাজ তৈরির ভারতের দীর্ঘদিনের পরিকল্পনাটি শীঘ্রই চূড়ান্ত অনুমোদন পেতে পারে। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। কারিগরি প্রয়োজনীয়তা, বাণিজ্যিক আলোচনা এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলির কারণে বহু বছর ধরে চুক্তিটি থমকে ছিল। অবশেষে সেই জট কাটতে চলেছে। জানা গিয়েছে, শীঘ্রই প্রস্তাবটি নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির কাছে পাঠানো হবে।
৯০-এর দশকের শেষ দিকে এই প্রকল্প শুরু হলেও নানা কারণে দফায় দফায় তা পিছিয়ে যায়। চুক্তির মাধ্যমে জার্মানির টাইপ ২১৪ ডিজাইনের অত্যাধুনিক ৬টি সাবমেরিন তৈরি করা হবে। সাবমেরিনগুলি পুরোপুরি তৈরি করা হবে ভারতে, যার প্রযুক্তি ও নকশা দেবে জার্মানি। সাবমেরিন ৬০ শতাংশই নির্মিত হবে স্বদেশী উপকরণে। যা ‘মেক ইন ইন্ডিয়ার’ জন্য বড় সাফল্য। পরিকল্পনা অনুযায়ী, ২০৩২ সালের মধ্যে সবকটি সাবমেরিন হাতে পাবে নৌসেনা।
আরও পড়ুন:
প্রকল্পের নাম ‘প্রজেক্ট ৭৫ আই’। খরচ পড়বে ৭০ হাজার কোটি টাকা। অর্থাৎ এখনও পর্যন্ত এটাই হতে চলেছে ভারতের সবচেয়ে বড় সামরিক চুক্তি। এর আগে দেশের বৃহত্তম সামরিক চুক্তি ছিল ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে রাফালে বিমান চুক্তি। যার খরচ পড়েছিল ৫৮ হাজার কোটি টাকা। আসলে বর্তমানে নৌসেনায় ডুবোজাহাজের বড়সড় ঘাটতি রয়েছে। যেগুলি এখনও কাজ চালিয়ে যাচ্ছে তার বেশিরভাগই ‘বৃদ্ধ’। ফলে সমসাময়িক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক ডুবোজাহাজের দাবি নৌসেনার দীর্ঘদিনের।
এসবের মাঝেই ভারত মহাসাগরে চিনা আগ্রাসন মাত্রাছাড়া হয়েছে। নৌশক্তিও আগের চেয়ে আরও বাড়িয়েছে ড্রাগন। এই অবস্থায় ভারতও জলের নীচে আরও শক্তিশালী নজরদারি ও আঘাত করার ক্ষমতা অর্জন করতে চাইছে। জার্মানির সঙ্গে হাত মিলিয়ে ভারতের তৈরি এই ৬ অত্যাধুনিক ডুবোজাহাজ ভারত মহাসাগরে চিনের দম্ভ ভাঙতে কার্যকরি ভূমিকা নেবে বলেই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
