বুধবার চারটে স্বর্ণপদক পেয়েছিল ভারত। তবে এশিয়ান গেমসের দ্বাদশ দিনে এল না কোনও সোনা। সব মিলিয়ে বৃহস্পতিবার মোট পাঁচটি পদক পেল ভারত। পুরুষদের সেলিংয়ে স্কিফ বিভাগে রুপো জিতলেন মনু ফ্রান্সিস ও প্রিন্স কুরিসিঙ্কাল নোবেল। কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতলেন গণেশ মণিরত্নম থিরুমুরু। কুস্তির গ্রেকো-রোমান ৯৭ কেজিতে রুপো পেলেন নীতেশ সিওয়াচ। এছাড়া পুরুষ ও মহিলা স্কোয়াশ দল ব্রোঞ্জ জিতেছে।
দিনের শুরুতেই ইতিহাস গড়েছে সেপাক টাকরো দল। পুরুষদের কোয়াড্রান্টে ভিয়েতনামকে ২-০ হারিয়ে সেমিফাইনালে উঠল ভারত। ফলে ওই ইভেন্টে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত হয়েছে। অন্যদিকে, আর্চারিতে চিকিথা রাও তানিপার্তি কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার নুরিসা দিয়ান আশরিফার কাছে ১৪৩-১৪৪ ব্যবধানে হারেন। শুটিংয়ে অনিশ ভানওয়ালা ২৫ মিটার র্যাপিড পিস্তলের ফাইনালে উঠেও সপ্তম হন। টেনিসে কোয়ার্টার ফাইনালে চিনের উ ইবিংয়ের কাছে হারেন সুমিত নাগাল। পুরুষদের ভলিবলেও পাকিস্তানের কাছে ০-৩ হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ভারতের।
আরও পড়ুন:
তবে দলগত খেলায় সবচেয়ে বড় জয় আসে ক্রিকেট ও হকিতে। ক্রিকেটের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়ে ফাইনালে উঠল ভারত। শনিবার সোনার লড়াইয়ে ভারতের সামনে পাকিস্তান। হকির সেমিতেও পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আগামী ৩ অক্টোবর সোনার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ চিন। অন্যদিকে, স্কোয়াশে মহিলা দল হংকংয়ের কাছে এবং পুরুষ দল মালয়েশিয়ার কাছে ১-২ ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট হয়েছে।
দিনের শেষটাও হল পদক দিয়ে। গ্রেকো-রোমান ৯৭ কেজির ফাইনালে জাপানের ইউরি নাকাজাতোর কাছে হারলেও রুপো জিতে নিলেন নীতেশ সিওয়াচ। ফলে দ্বাদশ দিনের শেষে ভারতের ঝুলিতে মোট ৬৪টি পদক। যদিও মনু-প্রিন্সের স্কিফের ফলাফল সরকারি ভাবে ঘোষণা হলে পদক সংখ্যা ৬৫ হয়ে যেতে পারে। দ্বাদশ দিনের শেষে ১০ সোনা, ২৩ রুপো, ৩১ ব্রোঞ্জ-সহ পদক তালিকায় আটে রয়েছে ভারত। ১৫৪ সোনা, ৭১ রুপো, ৬৩ ব্রোঞ্জ-সহ মোট ২৮৮টি পদক নিয়ে তালিকার মগডালে চিন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
