কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে জাতীয় দল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সেই অপরাধে এবার বিরাট শাস্তি পাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানা গিয়েছে, জাতীয় দল থেকে আপাতত নির্বাসিত সিআর সেভেন। সেই সঙ্গে জরিমানাও গুণতে হবে তাঁকে। যদিও এই শাস্তি প্রসঙ্গে রোনাল্ডোর প্রতিক্রিয়া মেলেনি।
দিনকয়েক আগে কোচের সঙ্গে ঝামেলায় আচমকা পর্তুগাল শিবির ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নরওয়ের বিরুদ্ধে নেশনস লিগের শেষ ম্যাচে পর্তুগাল কোচ জর্জে জেসুস মাঠে নামাননি রোনাল্ডোকে। মাঠে নামানোর জন্য ওয়ার্মআপ করানোর পরও তাঁকে মাঠে নামানো হয়নি। ডেনমার্কের বিরুদ্ধেও তাঁকে রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তিনি শিবির ছেড়ে বেরিয়ে যান। রোনাল্ডোর ওই আচরণ নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে যায় ফুটবলবিশ্বে।
আরও পড়ুন:
জাতীয় দলের শিবির ছাড়ার দিনদুয়েক পরে সোশাল মিডিয়ায় বিরাট বিবৃতি দেন সিআর সেভেন। কোচের বিরুদ্ধে কথার খেলাপ করার অভিযোগ আনেন। তবে একই সঙ্গে নিজের সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে নেন। মেনে নেন, এভাবে জাতীয় শিবির ছাড়া উচিত হয়নি তাঁর। কিন্তু ক্ষমা চেয়েও রেহাই মেলেনি। গত কয়েকদিন ধরে পর্তুগিজ ফুটবল কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে রোনাল্ডোর কী শাস্তি হওয়া উচিত সেই নিয়ে। অবশেষে জানা গিয়েছে, দেশের সেরা ফুটবলারকে বেশ কড়া শাস্তিই দিতে চলেছে পর্তুগিজ ফেডারেশন।
নিয়ম অনুযায়ী, ডাক পাওয়ার পরও জাতীয় দল, ম্যাচ, এফপিএফ বা পর্তুগালের ক্রীড়া প্রতিনিধিত্ব, সংক্রান্ত কোনও কার্যক্রমে বিনা কারণে অনুপস্থিত থাকেন কিংবা ত্যাগ করেন, তবে ১ থেকে ৬ মাসের নির্বাসনের মুখে পড়বেন। সেই নিয়মেই রোনাল্ডোকে ৩০ দিনের জন্য নির্বাসিত করা হয়েছে। সঙ্গে ২৫৫ ইউরো জরিমানা গুণতে হবে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার টাকা। তবে রোনাল্ডোভক্তরা বলছেন, এই নির্বাসনের অর্থ জাতীয় দলের হয়ে অন্তত দু’টি ম্যাচ খেলতে পারবেন না সিআর সেভেন। তারপরে কি আর ফিরতে পারবেন জাতীয় দলে? জর্জে জেসুস কোচ থাকাকালীন পর্তুগালের জার্সিতে খেলতে চান না বলেই জানিয়েছিলেন রোনাল্ডো। তাহলে কি নির্বাসনের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেল সিআর সেভেনের আন্তর্জাতিক কেরিয়ার?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
