বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, আত্মীয়দের বাবা-মা বানিয়ে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, পাসপোর্ড বানিয়ে দেওয়া হয়। অভিযুক্ত তৃণমূল নেতা সম্রাট মণ্ডল রণঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ওই তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ।
বনগাঁ সীমান্ত এলাকা দিয়ে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেশে এসেছে বলে অভিযোগ। সীমান্ত এলাকায় তাদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। একাধিক অনুপ্রবেশকারী, দালাল ইতিমধ্যে ধরাও পড়েছে। রাজ্যে পালাবদলের পরে অনুপ্রবেশ ইস্যুতে কড়া পদক্ষেপ করেছে বিজেপি সরকার। সেই আবহে এবার তৃণমূল নেতার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। গত শুক্রবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সমীর বিশ্বাস নামে এক ব্যক্তি।
অভিযোগ, বাংলাদেশিরা বেআইনিভাবে ভারতে প্রবেশ করে স্থানীয় কয়েকজনকে বাবা-মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হয়েছে। আধার কার্ড,পাসপোর্ট তৈরি করানো হয়েছে! পঞ্চায়েত প্রধানের স্বামী সম্রাট মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠ আজহার মণ্ডল এই কাজে যুক্ত বলে অভিযোগ। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভুয়ো পরিচয়পত্র নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন বলেও অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন প্রধানের স্বামী তৃণমূল নেতা সম্রাট মণ্ডল। তিনি বলেন, “আমি যখন প্রধান ছিলাম, তার আগে ওরা ভোটার তালিকায় নাম তুলেছে। এসআইআরে যার যার উপযুক্ত নথি দিয়ে তাঁদের নাম উঠেছে। এর সঙ্গে আমার কোনও যোগ নেই।” অভিযোগ পেয়ে পুলিশ ঘটনা তন্ত্র শুরু করেছে।
সর্বশেষ খবর
