‘আগের সরকারের প্রভাবশালীদের অনুরোধ রাখিনি’, বাংলা কোচিং গ্রুপ থেকে বাদ পড়ে বিস্ফোরক সৌরাশিস

‘আগের সরকারের প্রভাবশালীদের অনুরোধ রাখিনি’, বাংলা কোচিং গ্রুপ থেকে বাদ পড়ে বিস্ফোরক সৌরাশিস

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


যা আশঙ্কা করা হচ্ছিল, বুধবার রাতে ঠিক সেটাই সত‌্যি হল। সিএবির পক্ষ থেকে মিডিয়া রিলিজ করে বাংলার সিনিয়র থেকে বিভিন্ন বয়সভিত্তিক কোচের যে তালিকা প্রকাশ করা হল, সেখানে রাখা হল না বিগত কয়েক বছরে বাংলার সফলতম কোচ সৌরাশিস লাহিড়ীকে। যিনি একশোটা প্রথম শ্রেণির ম‌্যাচ শুধু খেলেননি। গত পাঁচ-ছ’বছরে বাংলাকে একমাত্র ট্রফি দেওয়া কোচও তিনিই। যাঁর কোচিংয়ে বাংলার বয়সভিত্তিক দল পরের পর বোর্ড টুর্নামেন্টের ফাইনাল খেলেছে, ট্রফি জিতেছে। অথচ এবার তিনিই ব্রাত‌্য। এবং বাংলার কোচিং গ্রুপ থেকে বাদ পড়ার রাগ-দুঃখ-যন্ত্রণা সবই বেরিয়ে এল ‘সংবাদ প্রতিদিন’-কে দেওয়া তাঁর বিস্ফোরক সাক্ষাৎকারে।

প্রশ্ন: বাংলার কোন দলের কোচ কারা হবেন, সিএবি বুধবার রাতে মিডিয়া রিলিজ করে জানাল। সেখানে কোনও দলেই কোচ হিসেবে আপনার নাম নেই।
সৌরাশিস: খুবই ডিসাপয়েন্টিং। অ‌্যাবসোলিউট শকার বলতে পারেন। কোচিংয়ে একটা জায়গায় পৌঁছেছি আমি। বোর্ড থেকে অ‌্যাসাইমেন্ট পাচ্ছি। ভেবেছিলাম আমার রাজ‌্যের ক্রিকেট সংস্থা থেকে ব‌্যাকিং পাব। আমাদের রাজ‌্যের কোনও কোচ ভারতীয় দলে নেই। ভেবেছিলাম, ভালো কাজ করছি যখন, রাজ‌্য ক্রিকেট সংস্থাও চাইবে, আরও ভালো করি। যাতে ভবিষ‌্যতে অনূর্ধ্ব উনিশ ভারত কিংবা ইন্ডিয়া ‘এ’ দলের কোচ হওয়ার সুযোগটা আমি পাই। কিন্তু আমি তো রাজ‌্য দল থেকেই ড্রপড হয়ে গেলাম! ব‌্যাপারটা কেমন হল জানেন? আমি ইন্ডিয়া খেলছি। দলে রাখছে আমাকে। কিন্তু রাজ‌্য দল রাখছে না!

আরও পড়ুন:

প্রশ্ন: বুঝতে পারছি, খারাপ লাগছে আপনার।
সৌরাশিস: বলছি তো, অত‌্যন্ত দুর্ভাগ‌্যজনক। আমি পেশাদার কোচ। শুধু কোচিংটাই করি। আজ গান করছি, কাল বাজনা বাজাচ্ছি, পরশু রাজনীতি করছি-এ সমস্ত আমি করি না। কোচিংই আমার ধ‌্যান। কোচিংই আমার জ্ঞান। যাদের নাম বাংলা কোচ হিসেবে সিএবি মিডিয়া রিলিজ করে জানাল, প্রত‌্যেককে অভিনন্দন। আমার প্রশ্ন একটাই। যাঁরা যাঁরা দায়িত্ব পেয়েছেন, তাঁরা নিশ্চয়ই সিভি জমা করেছেন সিএবিকে। তা, তাঁদের কোচিং ক্রেডেনশিয়াল কি আমার থেকে বেশি? বললে ভালো হয়। তা হলে সেই জায়গায় উন্নতি করব। আমার তো মনে হয়, ক্রিকেটীয় যুক্তিতে কোচ নির্বাচন হয়নি!

আরও পড়ুন:

প্রশ্ন: কী বলছেন! তা হলে, কোন কারণে আপনি কোচ হিসেবে নির্বাচিত হলেন না বলে মনে হয়?
সৌরাশিস: যাঁরা এই কোচ নির্বাচনটা করেছেন, তাঁদের প্রশ্নটা করলে আমার সুবিধে হয়! কারণ, তাঁরা যে উত্তরটা দেবেন, তার প্রেক্ষিতে আমি আমার উত্তরটা দেব। দেখুন, একটা কথা বলি। সৌরাশিস লাহিড়ী জীবনে কম্প্রোমাইজ করেনি। কোনও কিছুর সঙ্গে আপস করেনি। সেই কারণেই হয়তো সৌরাশিস লাহিড়ী পাঁচ বছর হেড কোচের কাজ করেছে। চারটে ফাইনাল খেলেছে। একবার টিমকে চ‌্যাম্পিয়ন করেছে। সৌরাশিস লাহিড়ীর সবচেয়ে খারাপ পারফরম‌্যান্স, তার টিম যখন সেমিফাইনালে হারে। কারও কারও ক্ষেত্রে সেরা পারফরম‌্যান্স হল, সেমিফাইনাল খেলা। অত পর্যন্ত যাওয়া! এটা ডিফারেন্স। সৌরাশিস লাহিড়ী কম্প্রোমাইজ করে না বলেই হয়তো বোর্ডে কাজ করার ডাক পায়। কিন্তু আমাকে বলতে পারেন, ভাবনার এ হেন দ্বিচারিতা থাকবে কেন?

প্রশ্ন: শোনা যায়, পূর্বতন সরকারের অত‌্যন্ত প্রভাবশালী চরিত্র শান্তনু সিনহা বিশ্বাস আপনাকে দলে প্লেয়ার ঢোকানোর জন‌্য চাপ দিয়েছিলেন। সত‌্যি?
সৌরাশিস: সত‌্যি।

প্রশ্ন: সে কী!
সৌরাশিস: বলছি তো, সত‌্যি। কিন্তু আমি সেই সমস্ত অনুরোধ-উপরোধকে আমলই দিইনি। আমার কাছে আমার স্টেট টিম আগে। দল আগে। যদি স্টেট টিমে যোগ‌্য প্লেয়ারকে ভুগতে হয় সুপারিশের প্লেয়ার খেলাতে গিয়ে, তা হলে নিজের কাছে নিজের মুখ দেখাতে আমি পারব না। কারণ, আমার চরিত্র সেটা নয়। নিজের কাজের প্রতি অসৎ আচরণ করা আমার স্বভাব নয়। কোচিং আমাকে সব দিয়েছে। সেই কোচিংয়ের সঙ্গে বেইমানি করলে, কে আমাকে ক্ষমা করবে? বর্তমানে যাঁরা নির্বাচক রয়েছেন, তাঁরা জানতেন, সৌরাশিসকে কন্ট্রোল করা সম্ভব নয়। কোনও প্রতিভাবান ক্রিকেটার যদি অনূর্ধ্ব ১৬ পর্যায় থেকে অনূর্ধ্ব উনিশ খেলতে আসে, বোর্ডের ক‌্যাম্প করে আসে, আন্ডার নাইন্টিন কোচ হিসেবে আমার কাজ তাকে গ্রুম করা। তৈরি করা। সেই প্লেয়ারকে না রেখে, কারও সুপারিশের প্লেয়ার খেলানো আমি মেনে নেব না। এখানে কী হয়? না, একটা ছেলেকে যখন টিমে সিলেক্ট করা হচ্ছে মিটিংয়ে, বলা হচ্ছে সে না পারলে, আর তাকে আর নেওয়া হবে না! ঠিক কী করতে চাইছেন তা হলে নির্বাচকরা? ছেলেটাকে সিলেক্ট করছেন? নাকি হুঁশিয়ারি দিচ্ছেন যে, না পারলেই বাদ দিয়ে দেব? কী জানেন, কোথাও গিয়ে মনে হচ্ছে, এই সমস্ত শান্তনু সিনহা বিশ্বাসদের প্লেয়ার ঢোকানোর রিকোয়েস্ট না মানার মূল‌্য আজ আমাকে দিতে হল! ঠিক আছে। আমি নিজের ক্ষমতায় কোচিং করিয়েছি। কাউকে ধমকে-ধামকে, ভোটের ভয় দেখিয়ে কোচ হইনি।

প্রশ্ন: আপনার সঙ্গে মাঝে বসেনি সিএবি? কথা বলেনি?
সৌরাশিস: কোথায় আর? বুধবার রাতে মিডিয়া রিলিজ করে দিল সিএবি। অথচ সকালেই আমাকে বলা হয়েছে, নিজের মনের কথা যেন আমি প্রকাশ না করি। আমাকে ঝুলিয়ে রাখা হয়েছে। হোয়াট কাইন্ড অফ গেম আর ইউ প্লেয়িং? আমার সঙ্গে কেউ তো কথা বলতে পারত। রাখবে না ঠিক আছে। বলতে তো পারত, প‌্যাটসি তোকে রাখতে পারছি না এবার। কিন্তু সিএবি থেকে কেউ কিছু বললই না! সিএবির সঙ্গে পঁয়ত্রিশ বছরের সম্পর্ক আমার। এটুকু ডিজার্ভ করি না আমি?

প্রশ্ন: শেষ প্রশ্ন। আগের প্রশ্নের উত্তরে আপনি হঠাৎ করে ভোটের কথা বললেন। বললেন যে, ভোটের ভয় দেখিয়ে আপনি কোচিং করান না। তা হলে, যা শোনা যায়, সেটাই কি সত‌্যি? ক্রিকেটারের ভোট থাকলে তবেই তার কোচিং প্রোফাইল থাকবে?
সৌরাশিস: একটাই কথা বলব। আমার মনে হয়, একজন কোচের মূল‌্যায়ন যদি ভোটই করে, তা হলে ভোটই কোচ ঠিক করে দিক! কোচের দক্ষতা আছে কি না, তা নিয়ে ভেবে আর কী হবে?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *