উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়ির সামনে ফুটপাথ দখল করে রাখা অস্থায়ী নির্মাণ সরিয়ে দিল পুরসভা। বৃহস্পতিবার সকালে বুলডোজার নামিয়ে বাঁশের কাঠামো ভেঙে ফেলা হয় এবং গ্যাস কাটার দিয়ে ফুটপাতে থাকা অতিরিক্ত লোহার গেট কেটে দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, ১২১ কালীঘাট রোডে সাংসদের বাসভবনের বাইরের ফুটপাতে তৈরি হওয়া এই শেড নিয়ে বেশ কয়েক দিন ধরেই বিতর্ক চলছিল। পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। গত শুক্রবার অভিষেকের জন্মদিন উদযাপনের সময়ও সেখানে প্রচুর ভিড় হয়েছিল। এরপর বুধবার অভিষেকের কার্যালয়ের কর্মীরা নিজেরাই বাঁশের কাঠামো সরানোর কাজ শুরু করলেও তা অসম্পূর্ণ ছিল।
বৃহস্পতিবার সকালে পুরকর্মীরা বুলডোজার নিয়ে পৌঁছে পুরো কাঠামোটি ভেঙে গুঁড়িয়ে দেন। একই সঙ্গে সীমানা প্রাচীরের বাইরে ফুটপাত আটকে বসানো লোহার গেটটিও গ্যাস কাটার দিয়ে কেটে ফুটপাত মুক্ত করা হয়। পুরসভার এই অভিযানের সময় এলাকায় প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। অভিযান চলাকালীন কোনও রকম বাধা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। এই বিষয়ে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
The submit অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের অস্থায়ী ছাউনি ও গেট ভাঙল পুরসভা appeared first on Uttarbanga Sambad.
