তাঁর নামের পাশে ‘ট্রফিচোর’ তকমা। এশিয়ার কোনও ক্রিকেট টুর্নামেন্ট মানেই তিনি বিতর্ক তৈরি করতে হাজির হন। এশিয়া কাপের আসরে তিনি হাজির থেকেছেন বারবার। কেবল হাজির থাকাই নয়, ট্রফি নিয়েও পর্যন্ত চম্পট দিয়েছেন। সেই ট্রফি আজও পায়নি টিম ইন্ডিয়া। তাছাড়া এশিয়া কাপ জিতেও নকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় মহিলা ক্রিকেট দলও। এবার আরও একবার ভারত-পাকিস্তান। এশিয়ান গেমস ফাইনালে। প্রশ্ন হল, নকভি কি ফাইনালে হাজির থাকবেন?
আরও একটা প্রশ্ন হল, এশিয়ান গেমসের পদক বিতরণীর সঙ্গে নকভির যোগ কোথায়? এশিয়ান গেমস আয়োজন করে অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়া। নকভি এশীয় ক্রিকেট সংস্থার প্রধান। ওসিএ-র সংবিধানের ৬৬ নম্বর ধারায় বলা হয়েছে, ওসিএ-র আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের পদক দেবেন ওসিএ সভাপতি। তবে তিনি চাইলে সংশ্লিষ্ট খেলার এশীয় শাখার সভাপতিকেও পদক দেওয়ার দায়িত্ব দিতে পারেন। সেই সূত্রেই এশীয় ক্রিকেট সংস্থার প্রধান হিসাবে নকভির পদক দেওয়ার সুযোগ রয়েছে। তবে আপাতত যা খবর, তাতে শনিবারের ফাইনালে থাকছেন না নকভি।
আরও পড়ুন:
এ কথা নশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এসিসি জানিয়েছে, ‘পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে এশিয়াড ফাইনালে উপস্থিত থাকছেন না সভাপতি নকভি। তবে সোনা ও ব্রোঞ্জ পদকের ম্যাচে অংশ নেওয়া চার দলকে শুভেচ্ছা জানিয়েছেন।’ নকভি নিজেও সোশাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, ‘এশিয়ান গেমসে সোনা ও ব্রোঞ্জ পদক বিজয়ী সকল অংশগ্রহণকারীকে আগাম শুভকামনা। ব্যস্ততার কারণে নাগোয়ায় থাকতে পারছি না। রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় রইলাম।’
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পরে ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়ন। এশিয়া কাপেই শুরু হয়েছিল করমর্দন-বিতর্ক। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটারেরা। সেই পুরনো ছবিরই পুনরাবৃত্তি হচ্ছে। শনিবারও হয়তো একই ছবি দেখা যাবে নিসশিন সিটির কোরোগি পার্কে। তবে বিতর্ক ছাপিয়ে শ্রেয়স আইয়ার, বৈভব সূর্যবংশীদের লক্ষ্য থাকবে সোনার পদক ধরে রাখা। উল্লেখ্য, এশিয়াডে মহিলাদের ক্রিকেটে হরমনপ্রীত কৌরের ভারত ইতিমধ্যেই সোনা জিতেছে। এবার পালা পুরুষদের। তবে এশিয়াড ফাইনালে নকভির না থাকায় নেটিজেনদের কটাক্ষ, ‘অবশেষে বোধোদয় হয়েছে পিসিবি চেয়ারম্যানের।’ অনেকেই বলছেন, ‘বিতর্ক এড়াতেই এ হেন সিদ্ধান্ত নিয়েছেন নকভি।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
