উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া বিতণ্ডায় অনুতপ্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বে রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে আলোচনায় প্রস্তুত ইউক্রেন। সোমবার আমেরিকা ইউক্রেনে সমস্তরকম সামরিক সাহায্য সাময়িকভাবে বন্ধের ঘোষণা করতেই মঙ্গলবার একথা বলেন জেলেনস্কি।
এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ওয়াশিংটনের হোয়াইট হাউসে শুক্রবার আমাদের বৈঠক যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, তা হয়নি। এটা অনুতাপের বিষয়। এখন সবকিছু ঠিক করার সময়।’ তাঁর সংযোজন, ‘আমার টিম ও আমি প্রেসিডেন্ট ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে প্রস্তুত রয়েছি।
আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেদিন ট্রাম্প এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে তাঁর বৈঠক হয়। পরে প্রথা মোতাবেক দু’দেশের তরফে যৌথ বিবৃতি দেওয়া হচ্ছিল ওভাল অফিসে। সেই সময় ট্রাম্প এবং ভান্সের সঙ্গে তপ্ত বাক্যবিনিময় হয় জেলেনস্কির। এসবের জেরে ভেস্তে যায় খনিজ চুক্তি। তবে মঙ্গলবার জেলেনস্কি স্পষ্ট জানান, নিরাপত্তার বিষয় নিশ্চিত হলেই চুক্তি স্বাক্ষর করবেন।
সোমবার ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধের নির্দেশ দেন ট্রাম্প। নির্দেশে বলা হয়, এখন পর্যন্ত যা সাহায্য দেওয়া হয়েছে, তার পর্যালোচনা করে দেখা হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার জেলেনস্কি বলেছেন, ‘আমাদের কেউ যুদ্ধ চাই না। শান্তি প্রতিষ্ঠায় যত দ্রুত সম্ভব সমঝোতার টেবিলে বসতে ইউক্রেন প্রস্তুত রয়েছে।’
