উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মরসুম বদলের সময় সর্দি-কাশি, জ্বর, অ্যালার্জি এমনকি বাতের ব্যথায় অনেকেই ভোগেন। দোকান থেকে কেনা এনার্জি ড্রিঙ্ক বা মুঠো মুঠো ওষুধ খেয়ে এ সব সংক্রামক ব্যাধি থেকে রেহাই পাওয়া মুশকিল। তার বদলে নিয়মিত সহজ কিছু যোগাসন অভ্যাস করলে শরীরে জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ে। নিয়মিত ব্যায়ামে বাড়ে বিপাক ক্রিয়ার হার, যা রোগ প্রতিরোধ শক্তি যেমন বাড়ায়, তেমনই ওজন বশে রেখে সংক্রমণের ঝুঁকি কমায়। জেনে নিন সহজ কয়েকটি যোগাসন:
১. উষ্ট্রাসন:
এই আসনটি করার জন্য প্রথমে ম্যাটের উপর হাঁটু মুড়ে বসুন। হাঁটু দুটি কোমরের সমান্তরালে থাকবে এবং পায়ের পাতা মাটিতে থাকবে। এ বার পিছনের দিকে খানিকটা হেলে দুই হাত দিয়ে দুই গোড়ালি ধরুন। মাথা পিছনের দিকে ঝুলিয়ে দিয়ে ধীরে ধীরে পেটের অংশট সামনের দিকে এগিয়ে দিন। স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিতে থাকুন। কিছু সময় পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।
২. উত্তনাসন:
দু পায়ের মাঝে খানিক ফাঁক রেখে সোজা হয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ান। এ বার হাঁটু একটুও না ভেঙে কোমর থেকে শরীরের নিচের অংশ ঝুঁকিয়ে দিন। হাতের তালু দুটি পায়ের পাশে মাটিতে রাখার চেষ্টা করুন (না পারলে গোড়ালি বা হাঁটু ধরতে পারেন)। এই অবস্থায় ১০-১৫ সেকেন্ড থাকুন। নিয়মিত অভ্যাস করলে কষ্ট কমে যাবে।
৩. বৃক্ষাসন:
সোজা হয়ে দাড়িয়ে দু’টি হাত নমস্কারের ভঙ্গিতে বুকের কাছে আনুন। শরীরের ভারসাম্য বজায় রেখে ডান পায়ের হাঁটু ভাজ করে পায়ের পাতাটি বাঁ পায়ের ঊরুর উপর রাখুন। পিঠ সোজা সোজা রেখে হাত নমস্কার ভঙ্গিতে মাথার উপর নিয়ে যান। এই ভঙ্গিতে ৩০ সেকেন্ড দাঁড়িয়ে থাকুন। স্বাভাবিক অবস্থায় ফিরে এসে একইভাবে অন্য পায়েও করুন।
নিয়মিত এই তিনটি আসন অভ্যাস করলে মরসুম বদলের সময় সুস্থ থাকা সহজ হবে।
