উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার দিল্লিতে হয়ে গেল উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) নিলাম। পাঁচটি দল মিলিয়ে ৬৭ জন ক্রিকেটারকে কিনল। তাঁদের মধ্যে ২৩ জন বিদেশি। এদিনই ডব্লিউপিএলের আগামী মরশুমের দিনক্ষণ জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
নিলামের শুরুতে ডব্লিউপিএলের চেয়ারম্যান জয়েশ জর্জ বলেন, ২০২৬ সালের ৯ জানুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগিতা। ৫ ফেব্রুয়ারি ফাইনাল। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ও বরোদার মাঠে খেলা হবে। এবারের উদ্বোধন ও ফাইনালও সেখানেই হবে।
নিলামের আগে জল্পনা শুরু হয়েছিল যে, এবার হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হতে পারে। কিন্তু বোর্ড আপাতত তা স্থগিত রেখেছে। গতবার চারটি মাঠে খেলা হয়েছিল। এবার মাঠের সংখ্যা আরও কমেছে।
