উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডেস্কে বসে কাজের মাঝেই কাল হয়ে দাঁড়ায় দুপুরের ঝিমুনি। ঘড়ির কাঁটা দুটো পেরোলেই যেন চোখের পাতা ভারী হয়ে আসে, কাজে মন বসে না। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘আফটারনুন স্লাম্প’। এই অলসতা কাটাতে ঘন ঘন চা-কফি না খেয়ে ভরসা রাখতে পারেন পুষ্টিকর কিছু ঘরোয়া স্ন্যাক্সে, যা নিমেষেই আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তুলবে (Wholesome Workplace Snacks)।
দুপুরের ক্লান্তি দূর করতে টিফিন বক্সে রাখতে পারেন এই ৫টি পদ:
ডার্ক চকোলেট ও বাদাম: মন ভালো করার হরমোন ক্ষরণে ডার্ক চকোলেটের জুড়ি নেই। রোস্টেড বাদামের সঙ্গে এক টুকরো ডার্ক চকোলেট খেলে বিকেলের ক্লান্তি নিমেষেই উধাও হবে।
বেকড আপেল ও পনির নাচোস: আপেলের স্লাইসের ওপর গ্রেট করা পনির বা চিজ এবং সামান্য দারচিনি গুঁড়ো দিয়ে হালকা গরম করে নিন। ওপর থেকে একটু মধু ছড়িয়ে দিলেই তৈরি মুখরোচক ও স্বাস্থ্যকর এই স্ন্যাক্স।
দই-ফলের স্যালাড: প্রোটিন ও প্রোবায়োটিক সমৃদ্ধ টক দই বা গ্রিক ইয়োগার্টের সঙ্গে আপেল, আঙুর বা বেদানার মতো ফল মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে সামান্য চাট মশলা ছড়িয়ে দিতে পারেন।
কুমড়োর বীজ ও ধনেপাতার চাটনি: ভাজা কুমড়োর বীজের সঙ্গে ধনেপাতা, কাঁচা লংকা ও রসুনের চাটনি মিশিয়ে নিন। এটি যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর।
বাদাম ও বীজের মিশ্রণ: আখরোট, কাঠবাদাম ও কাজুর সঙ্গে কুমড়ো, সূর্যমুখী ও তিসির বীজ মিশিয়ে হালকা ঘিয়ে ভেজে নিন। মিষ্টিভাব আনতে মেশাতে পারেন খেজুর বাটা। এতে থাকা ম্যাগনেশিয়াম ও জিঙ্ক শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়।
