উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুস্থ থাকতে আমরা ডায়েটে অনেক পুষ্টিকর খাবার রাখি, কিন্তু খাওয়ার সঠিক পদ্ধতি না জানায় হিতে বিপরীত হতে পারে। পুষ্টিবিদদের মতে, কেবল পুষ্টিকর খাবার খেলেই হবে না, তা শরীর শোষণ করতে পারছে কি না সেটাও জরুরি। জেনে নিন এমন ৫টি খাবার যা ভুলভাবে খেলে শরীরের ক্ষতি হতে পারে (Wholesome Meals Habits)।
কমলালেবু
ভিটামিন সি ও ফাইবারে ঠাসা এই ফলটি রস করে খাওয়ার অভ্যাস অনেকের। কিন্তু রস করলে ফাইবার নষ্ট হয়ে যায় এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। তাই সরাসরি ফল চিবিয়ে খাওয়াই সেরা।
কলা
পটাশিয়াম ও আয়রন সমৃদ্ধ কলা হৃদযন্ত্র ভালো রাখে। তবে সকালে খালি পেটে কলা খেলে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তাই প্রাতরাশের কিছু সময় পর কলা খাওয়া নিরাপদ।
টক দই
প্রোবায়োটিক সমৃদ্ধ দই হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে অনেকেই গরম ভাতের সঙ্গে দই মিশিয়ে খান। অতিরিক্ত তাপে দইয়ের উপকারী ব্যাকটিরিয়াগুলো মরে যায়, ফলে এর কোনও গুণই শরীর পায় না।
মধু
ঠান্ডায় সংক্রমণ ঠেকাতে মধু অদ্বিতীয়। কিন্তু লেবুর মতো মধুও ফুটন্ত গরম জলে মেশালে তার ঔষধি গুণ হারায়। গুণাগুণ বজায় রাখতে সবসময় ঈষদুষ্ণ বা হালকা গরম জলে মধু মিশিয়ে খান।
পাতিলেবু
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবু জলের বিকল্প নেই। কিন্তু ফুটন্ত বা খুব গরম জলে লেবু চিপলে এর ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাই সাধারণ তাপমাত্রার জলেই লেবু মেশানো উচিত।
