উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানে ভারত ও আমেরিকার মধ্যে যে আগের মত আর সম্পর্ক নেই সেকথা আর কারো অজানা নেই। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও হোয়াইট হাউসের (White Home) তরফে বিভিন্ন সময় ভারতের সঙ্গে সুসম্পর্কের দাবি করা হয়। মঙ্গলবারও বাণিজ্যচুক্তির (Commerce settlement) বিষয়ে ফের মন্তব্য করল হোয়াইট হাউস। এমনকী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্কের কথাও তুলে ধরা হয়।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটকে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ভারত এবং আমেরিকার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ভারত এবং আমেরিকার সম্পর্ককে আমাদের প্রেসিডেন্ট ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেন। দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে ট্রাম্প যথেষ্ট গুরুত্ব দেন। এজন্য ট্রাম্প তাঁর বাণিজ্য প্রতিনিধিদলকে নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমি জানি ট্রাম্প মোদিকে খুব সম্মান করেন। তাঁদের মধ্যে ঘন ঘন কথা হয়। দীপাবলির সময়েও তাঁদের দু’জনের কথা হয়েছে।
দু’দেশের মধ্যে বাণিজ্য নিয়ে জটিলতার জেরে গত কয়েক মাস ধরে টানাপড়েন তৈরি হয়েছে। ট্রাম্পের দাবি, ভারতের সঙ্গে তাঁদের দেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। তার জেরে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। পরে রাশিয়া থেকে তেল কেনার জন্য আরও ২৫ শতাংশ শুল্ক চাপান তিনি।
তবে সাম্প্রতিক সময়ে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক ফের মসৃণ হওয়ার আভাস মিলেছে। শুল্ক উত্তেজনার মাঝে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা বন্ধ ছিল। তবে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে চান। এরপর হোয়াইট হাউসের মুখপাত্রের দু’দেশের বাণিজ্য নিয়ে দাবি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
