Waqf Act | অশান্তির আশঙ্কা! মেয়রের আবেদনে ফুলবাড়িতে স্থগিত ওয়াকফ আইন বিরোধী মিছিল  

Waqf Act | অশান্তির আশঙ্কা! মেয়রের আবেদনে ফুলবাড়িতে স্থগিত ওয়াকফ আইন বিরোধী মিছিল  

শিক্ষা
Spread the love


শিলিগুড়িঃ ওয়াকফ আইনের প্রতিবাদে ফুলবাড়িতে মুসলিম ধর্মালম্বীদের মিছিল স্থগিত করা হল। সুন্নি গৌসিয়া ফাউন্ডেশন এর তরফে আয়োজিত প্রতিবাদ মিছিলটি বুধবার দুপুরে ফুলবাড়ি মোড় থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার ফাউন্ডেশনের সদস্যদের সঙ্গে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার বৈঠক করেন। এরপরই মিছিল স্থগিত করার সিদ্ধান্তের কথা জানান হয়। শান্তি বজায় রাখতে মিছিল স্থগিত রাখার সিদ্ধান্তকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট স্বাগত জানিয়েছেন।

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় উত্তাল হয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, সামসেরগঞ্জ, ভাঙর সহ বেশ কয়েকটি এলাকা। এর মাঝে ফুলবাড়িতে একই ইস্যুতে প্রতিবাদ মিছিলের উদ্যোগ নিয়েছিল মুসলিম ধর্মাবলম্বি সংগঠন সুন্নি গৌসিয়া ফাউন্ডেশন। এই মিছিলকে কেন্দ্র করে অশান্তির আবহ তৈরি হয়েছিল। সেই কারণে তড়িঘড়ি শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ফুলবাড়িতে পৌঁছে বৈঠক করেন মুসলিম সংগঠনটির সঙ্গে।

মেয়রের সঙ্গে বৈঠকের পর ফাউন্ডেশনের তরফে মিছিল আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। গৌতম দেবের পাশে বসেই ফুলবাড়ি জামা মসজিদের ইমাম মহম্মদ আশরাফ হুসেন বলেন, ‘প্রায় ৫০ হাজার মানুষ মিছিলে অংশ নেওয়ার জন্য তৈরি ছিলেন। এরপর যখন মিছিলের দিনক্ষণ ঠিক করা হবে তা অগ্রীম জানিয়ে দেওয়া হবে। প্রশাসনের অনুমতি নিয়েই ওয়াকফ আইনের বিরুদ্ধে পরবর্তীতে প্রতিবাদ মিছিল করা হবে। যাতে মেয়র সাহায্য করবেন বলে কথা দিয়েছেন। সকলে যাতে শান্তিপূর্নভাবে থাকতে পারেন, সেটাই আমরা চাইছি।’

এদিন গৌতম দেব বলেন, ‘মিছিলটি স্থগিত রাখার বিষয়ে আমরা অনুরোধ করেছি। মুখ্যমন্ত্রী সবটাই জানেন। প্রয়োজনে ওনাদের বক্তব্য প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হবে।’

ওয়াকফ আইনের প্রতিবাদে বুধবার কলকাতায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মুসলিম ধর্মাবলম্বী মানুষদের নিয়ে বৈঠক করবেন। অন্যদিকে, রাজু বিস্ট বলেন, ‘পাহাড়, তরাই, ডুয়ার্স যাতে ধর্মীয় ও জাতিগত রাজনীতির আঁচ না লাগে এবং শান্তি বজায় থাকে সেটা আমরা চাই। শিলিগুড়ি করিডোরের মতো স্পর্শকাতর অঞ্চলে বহিরাগত কোনও সংস্থা অশান্তির পরিবেশ তৈরি করুক সেটা চাই না। মিছিল স্থগতি রাখার বিষয়ে মুখ্যমন্ত্রী ও শিলিগুড়ির মেয়র উদ্যোগী হওয়ায় ধন্যবাদ জানাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *